চাঁপাইনবাবগঞ্জে এমপির হাতে সাংবাদিক লাঞ্ছিত
চাঁপাইনবাবগঞ্জ সদরে স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদের হাতে এক সহকর্মী লাঞ্ছনার প্রতিবাদে ওই সাংসদের সব ধরণের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন জেলার সাংবাদিকরা।
বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ ক্লাব চত্ত্বরে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাব ও জেলা প্রেস ক্লাবের সদস্যরা সাংবাদিক সমাজের ব্যানারে জরুরি সভায় বসে সিদ্ধান্ত নেন।
সভায় এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আব্দুল ওদুদের সব বর্জন ছাড়াও শুক্রবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামালউদ্দিন ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবলু কুমার ঘোষ।
সভায় জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল আলমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বিদ্যালয়) দেবেশ সরকার সদর উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে আসেন।
এসময় সংবাদ সংগ্রহ করতে দৈনিক যুগান্তর, আরটিভি ও বিটিভির স্থানীয় প্রতিনিধি এমরান ফারুক মাসুম সেখানে যান। কিছুক্ষণ পর চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ সেখানে পৌঁছে মাসুমের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে ওদুদ তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করেন।
এঘটনার প্রতিবাদ জানাতে জরুরি সভায় বসেন দুই প্রেসক্লাবের নেতারাসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এবিষয়ে সাংসদ আব্দুল ওদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার সাথে দুর্ব্যবহার করায় সাংবাদিক মাসুমকে লাঞ্ছিত করা হয়েছে।
