২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজরীন মালিকের স্ত্রী কারাগারে

অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর মামলায় কারাগারে পাঠানো হয়েছে তাজরীন মালিকের স্ত্রী মাহমুদা আক্তারকে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 03:52 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকা মহানগর হাকিম কাজী শহিদুল ইসলাম তা নাকচ করে মাহমুদাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাহমুদা তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আশুলিয়ার এই কারখানায় ২০১২ সালের ২৪ নভেম্বর অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক মারা যান।

মাহমুদা গত ২০ মার্চ ঢাকার জেলা ও দায়রা জজ মো. আব্দুল মজিদের আদালতে গেলে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল।

গত ১০ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য বিচারিক হাকিম ইসমাইল হোসেন শর্তসাপেক্ষে মাহমুদাকে জামিন দিয়েছিলেন।

ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে যান।

বুধবার হাই কোর্টের একটি বেঞ্চ মাহমুদা এবং তার স্বামী তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের জামিন আবেদন খারিজ করে দেন।

তাজরীনে অগ্নিকাণ্ডে শ্রমিকদের প্রাণহানির ঘটনায় পুলিশের করা মামলায় গত বছরের ২২ ডিসেম্বর দেলোয়ার, মাহমুদাসহ ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

হাই কোর্টেও জামিন মেলেনি তাজরীন মালিক দেলোয়ারের