পিস্তল ‘নাড়াচাড়া’ করতে গিয়ে কনস্টেবল গুলিবিদ্ধ
গাজীপুর জেলা কারাগার চত্বরে পিস্তল নাড়াচাড়া করার সময় এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন।
ওই কারাগারের জেল সুপার সুভাস ঘোষ জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে গাজীপুর জেলা কারাগার চত্বরে গেটের বাইরে এ ঘটনা ঘটে।
আহত কনস্টেবল আবদুল হালিমকে গাজীপুর সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেল সুপার সুভাষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে এক আসামিকে আদালতে নেয়ার জন্য প্রিজনভ্যান নিয়ে কারাগারে আসেন কোর্ট পুলিশের এসএসআই ফজলুল হক।
এসময় ভেতরে ঢোকার জন্য গেটের বাইরে দায়িত্বরত কনস্টেবল হালিমের কাছে তার পিস্তলটি রাখতে দেন তিনি। হালিম ওই রিভলবার নাড়াচাড়া করার এক পর্যায়ে তা থেকে একটি গুলি বের হয়ে কারাগারের গ্যারেজে রাখা একটি অ্যাম্বুলেন্সের কাঁচে লাগে।
“শব্দ পেয়ে এসএসআই ফজলুল দ্রুত হালিমের কাছ থেকে পিস্তলটি নিয়ে পরীক্ষা করার সময় আরেকটি গুলি বের হয়ে কনস্টেবল হালিমের গায়ে লাগে।”
পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
