হাই কোর্ট থেকে ‘ভুয়া’ আইনজীবী সনদ!
রিট শুনানির আগেই সে বিষয়ে হাই কোর্টের আদেশ হয়েছে বলে আইনজীবীর প্যাডে পাঠানো একটি সনদের দায়িত্ব অস্বীকার করেছেন সংশ্লিষ্ট আইনজীবী, রায়ের পূর্ণ অনুলিপি প্রকাশের আগে এই সনদই রায়ের সমকক্ষ বিবেচিত হয়।
আদালতের তলবে বুধবার দুপুরের পর বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির বেঞ্চে গিয়ে ওই সনদের দায়িত্ব অস্বীকার করেন আইনজীবী রানা কাওসার।
অন্য কোনো আদালত থেকেও এ ধরনের কোনো আদেশ হয়নি বলে জানান রিটকারীর আইনজীবী নুরুল ইসলাম সুজন।
রানা কাওসার নামে ওই আইনজীবীর প্যাডে পাঠানো সনদে মঙ্গলবার কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে নির্বাচিত বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমানের শপথ বাতিল হয়ে যায়।
হাই কোর্টের বিচারকরা আদালতে মৌখিক আদেশ/রায় দেন। লিখিত আদেশ বের না হওয়া পর্যন্ত আইনজীবীদের সনদই রায়ের অনুলিপির সমান হিসাবে বিবেচিত হয়। উচ্চ আদালতের একটি রায়ের ফলেই আইনজীবী সনদ এই মর্যাদা পেয়েছে।
শুনানির সময় ওই আদালতের জ্যেষ্ঠ বিচারপতি সালমা মাসুদ চৌধুরী বলেন, “আমাদের আদালতে রিটটি শুনানি জন্য আছে। এই অবস্থায় আদেশ হয়ে গেছে বলে সনদ চলে গেছে। এটা মারাত্মক অভিযোগ।
“এটা সব আইনজীবীর সম্মানের প্রশ্ন। যদি উনি এটা দিয়ে থাকেন তাহলে এটা মারাত্মক। যদি উনার নামে অন্য কেউ দিয়ে থাকেন তাহলে আরো মারাত্মক।”
আদালতে মিজানুর রহমানের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, এ বিষয়ে মোট তিনটি রিট হয়েছে। প্রথম দুটিতে তিনি (রানা কাওসার) সনদ দিয়েছেন। একই ধরনের প্যাডে তৃতীয় সনদটি দেয়া হয়েছে।
“আমরা আপনাদের নিকট আদেশ চাই। আমরাও বার কাউন্সিলের পক্ষ থেকে ব্যবস্থা নিতে পারি।”
আদালতে রানা কাওসার বলেন, “আগের দুটি সনদে আমি বলেছি, রিট হয়েছে, বন্ধের পরে মুভ করবো। কিন্তু আদেশ হওয়ার আগে আদেশ হয়েছে বলে কিভাবে আমি বলতে পারি?”
এ সময় আদালত খোকনকে উদ্দেশ্য করে বলেন, “ঠিক আছে, আপনারা বার কাউন্সিলের পক্ষ থেকে কি করা যায় দেখেন। আমাদেরকে জানাইয়েন।”
পরে আদালত ৬ কেন্দ্রে পুনঃভোট চেয়ে পরাজিত প্রার্থী সাজ্জাদ হোসেনের দায়ের করা রিটটি খারিজ করে দেয়।
আদেশের পর এই রিটের বিবাদিপক্ষের আইনজীবী ও বার কাউন্সিলের সদস্য মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই আইনজীবীর বিরুদ্ধে কেউ অভিযোগ করলে আমরা বার কাউন্সিল বিষয়টি তদন্ত করে দেখবো। ফ্যাক্সটি গেছে সুপ্রিম কোর্টের একটি ফ্যাক্স থেকে। সেখানে উপস্থাপন করেছেন একজন পাবলিক প্রসিকিউটর। দুটি বিষয়ই গুরুত্বপূর্ণ।”
গত ২৩ মার্চ বুড়িচঙে উপজেলা নির্বাচন হয়। এতে বেসরকারিভাবে বিএনপি সমর্থিত প্রার্থী মিজানুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৯ সালের উপজেলা নির্বাচনে জয়ী উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন এবারের নির্বাচনে পরাজিত হন। এরপর ছয় কেন্দ্রে পুনঃ ভোট দাবি করে নির্বাচনে কমিশনে আবেদন করেন তিনি। এরপর মিজানুর রহমানকে বিজয়ী ঘোষণা করে গেজেট হলে তিনি হাই কোর্টে রিট নিয়ে আসেন।
তার রিটে বলা হয়, ৬ কেন্দ্রের নির্বাচন নিয়ে আপত্তির বিষয়টি নির্বাচন কমিশনে বিবেচনাধীন রয়েছে। এরইমধ্যে মিজানুর রহমানকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের মাধ্যমে অবাধ স্বচ্ছ নির্বাচনের অধিকার থেকে আবেদনকারী বঞ্চিত হয়েছেন। এ কারণে প্রতিকার চেয়ে তিনি হাই কোর্টে রিট আবেদন দায়ের করেন।
এর আগে সকালে বিষয়টি আদালতে উপস্থাপন করেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আবেদনপত্র হিসাবে ওই আদালতের কার্যতালিকায় আসা একটি রিটে বিবাদীপক্ষের আইনজীবী হিসাবে ওকালতনামা দিতে গিয়ে তিনি বিষয়টি আদালতের নজরে আনেন।
এ সময় খোকন বুধবার কালেরকণ্ঠে প্রকাশিত ‘হঠাৎ ফ্যাক্স, বিএনপি সমর্থিত চেয়ারম্যানের শপথ বাতিল’ শিরোনামের একটি প্রতিবেদন আদালতের নজরে আনেন।
আদালতে মাহবুব উদ্দিন খোকন বলেন, “আজ রিটটি এই আদালতে শুনানির জন্য আছে। কিন্তু গতকালই ওই রিটে আদালত আদেশ দিয়ে দিয়েছে বলে একজন আইনজীবী তার প্যাডে সনদ পাঠিয়েছেন।”
এরপর আদালত ওই আইনজীবীকে দুপুর ২টার সময় হাজির থাকতে বলেন। দুপুরের পর তিনি হাজির হন।
ওই প্রতিবেদনে বলা হয়, রানা কাওসার নামে এক আইনজীবীর সনদের কারণে মঙ্গলবার বুড়িচং উপজেলা চেয়ারম্যানের শপথ বন্ধ হয়ে যায়। সাজ্জাদ হোসেনের রিটে আদালত বিজয়ী ঘোষিত প্রার্থীকে শপথ না দিতে নির্দেশ দিয়েছে বলে ওই সনদে উল্লেখ করা হয়।
