শেরপুরে এইচএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ৩
শেরপুরে এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।
এরা হলেন- আনিসুর রহমান, কল্যাণ কুমার রায় ও আসাদুজ্জামান। তিনজনেরই শহরে ফটোকপির দোকান রয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে শেরপুর শহরের ডিসি অফিসের গেট, কলেজ রোড ও গৌরীপুর বাস টার্মিনালের তিনটি ফটোকপির দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছে বাংলা প্রথমপত্র পরীক্ষার ‘ক’ সেটের প্রশ্নপত্রের বেশ কিছু ফটোকপি উদ্ধার করা হয় বলে জানান তিনি।
“এসব প্রশ্নপত্রের ফটোকপি প্রশ্নের উত্তরসহ প্রতিটি ৭০০ টাকা থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছিল,” বলেন অতিরিক্ত পুলিশ সুপার।
প্রশ্নপত্রের ক্রেতা হিসেবে চারজন পরীক্ষার্থীকে আটক করলেও পরে অভিভাবকদের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে সারা দেশে এক যোগে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।
