২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিশালে জঙ্গি ছিনতাই: ৬ জঙ্গি ১০ দিনের রিমান্ডে

ময়মনসিংহের ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের তিন মামলায় জেএমবির ছয় সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে পুলিশ হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেছে আদালত।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 07:26 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

ময়মনসিংহর ৩ নম্বর আমলী আদালতের বিচার আহসান হাবীব ও ৪ নম্বর আমলী আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন বুধবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেন।

এ সময় এ ছয় জঙ্গিকে হাজির করানোর কারণে আদালত এলাকায় বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়।

এরা হলেন জাকারিয়া, রাসেল, সৈয়দ জিয়াউল ইসলাম, আজমীর, গোলাম সারোয়ার রাহাত ও আল-আমিন।

আদালত পুলিশের পরিদর্শক সহীদ শোকরানা জানান, ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যান থেকে জঙ্গি ছিনতাই ও পুলিশ হত্যার ঘটনায় ত্রিশাল ও ভালুকা থানায় দায়ের করা তিনটি মামলায় জেএমবির ৬ জঙ্গিকে কঠোর নিরাপত্তায় আদালতে আনা হয়।

পরে তাদের ৩ ও ৪ নম্বর আমলী আদালতে তুলে পুলিশ রিমান্ডের আবেদন জানালে আদালত ৩ মামলায় ৬ জঙ্গিকে ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করে।

গত ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহে জঙ্গিদের বহনকারী পুলিশের একটি প্রিজন ভ্যানে হামলা চালিয়ে তিন জঙ্গিকে ছিনিয়ে দেয় তাদের সহযোগীরা।

এ সময় হামলায় নিহত হন পুলিশ কনস্টেবল আতিকুল ইসলাম (৩০)। আহত হন আরো দুই পুলিশ সদস্য।

পরে ওইদিনই ছিনিয়ে নেয়াদের একজন টাঙ্গাইলে ধরা পড়ে এবং ওই রাতে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।