২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসিতে বসছে ১১ লাখ শিক্ষার্থী

গত বছরের তুলনায় এ বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ২৮ হাজার ৭৯৩ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 06:43 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

গতবারের তুলনায় এ বছর শিক্ষা প্রতিষ্ঠান এবং পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও বেড়েছে।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০ লাখ ১২ হাজার ৫৮১ শিক্ষার্থী অংশ নিয়েছিল। এবার অংশ নিচ্ছে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী।

৩ এপ্রিল থেকে ৫ জুন পর্যন্ত তত্ত্বীয় বিষয় এবং ৭ থেকে ১৬ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।

মন্ত্রী জানান, এবার দুই হাজার ৩৫২টি কেন্দ্রে আট হাজার ১০৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। গতবারের চেয়ে এবার ৩০১টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৬৪টি পরীক্ষা কেন্দ্র বেড়েছে।

এবার এইচএসসিতে আটটি সাধারণ বোর্ডের অধীনে নয় লাখ ২৪ হাজার ১৭১ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে এক লাখ সাত হাজার ৫৫৭ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম/ভোকেশনালে এক লাখ চার হাজার ৬৬৯ জন এবং ডিআইবিএসে চার হাজার ৯৭৭ জন পরীক্ষা দেবে।

এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৬ হাজার ২৯৩ জন ছাত্র এবং ৫ লাখ ৩৫ হাজার ৮১ জন ছাত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, এবার বিদেশের পাঁচটি কেন্দ্রে ২০২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে, এর মধ্যে ৯১ জন ছাত্র এবং ১১১ জন ছাত্রী।

বাংলা প্রথম পত্র, রসায়ন, পৌরনীতি, ব্যবসায় নীতি ও প্রয়োগ, জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা, সমাজ বিজ্ঞান এবং কম্পিউটার শিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্রসহ মোট ২৫টি বিষয়ে এবার সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে।

সৃজনশীলে প্রশ্নে পরীক্ষা নেয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আশা করছি, সৃজনশীল কোনো সমস্যা নয়। ছেলেমেয়েরা ভালোভাবেই শিখছে।

“ছেলেমেয়েদের পিছু টেনে রাখবেন না। সৃজনশীল পদ্ধতি অভিভাবকরা উপলব্ধি করছেন। আস্তে আস্তে এটা আয়ত্তে এসে যাবে। এতে পাঠ্যপুস্তক ভালোভাবে জানা হয়ে যায়।”

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

পরীক্ষার খাতা মূল্যায়নে তারতম্য হওয়ার সম্ভাবনা থাকলেও সৃজনশীল পদ্ধতিতে সেই সম্ভাবনা খুব কম জানিয়ে নাহিদ বলেন, এজন্য শিক্ষকদের প্রশিক্ষণও দেয়া হয়েছে।

এবারো দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থীরা শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে দশম শ্রেণিতে অধ্যয়নরতদের শ্রুতিলেখক হিসেবে নিযুক্ত করা যাবে বলে জানান মন্ত্রী।

শ্রুতিলেখক নিয়ে পরীক্ষায় অংশগ্রহণকারীরা এবাবো অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে, বলেন তিনি।

এবারও পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম, মাদ্রাসা বোর্ডের চেয়ার‌ম্যান অধ্যাপক আবুল কাশেম মিয়াসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।