হাজতে হাতি
দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগের পর গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি হাতিকে থানা হাজতে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার উপজেলার শেরপুর এলাকা থেকে সুরমা নামের এই হাতিটি আটক করা হয়।
এর মালিক হাতেম আলীর দাবি, তার কাছ থেকে হাতিটি ভাড়া নিয়ে টাকা পরিশোধ না করায় তিনি লোক দিয়ে হাতিটি নিয়ে যাচ্ছিলেন।
অপরদিকে সাইদুর রহমান নামের এক সার্কাস মালিকের দাবি, তার সার্কাসের জন্য ভাড়া করা এ হাতিটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল।
হাতিম আলীর দাবি, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ এলাকায় ‘স্বাধীন বাংলা’ নামের একটি সার্কাস প্রদর্শন চলছে। ওই সার্কাসের মালিক সাইদুর রহমান মাসিক ভাড়ায় এই হাতিটি ভাড়া নেন।
কিন্তু চুক্তিবদ্ধ ভাড়ার টাকা পরিশোধ না করায় হাতির মালিকের নির্দেশে মঙ্গলবার সকালে হাতির দুই মাহুত জাহাঙ্গীর আলম (৪০) ও মোশ্বেকুর রহমান (৩০) হাতিটি নিয়ে সাদুল্লাপুর উপজেলার ঢোলভাঙ্গা যাচ্ছিলেন।
কিন্তু হাতিটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে খবর পেয়ে পুলিশ সাদুল্লাপুরের শেরপুর এলাকা থেকে এটি আটক করে।
মাহুত জাহাঙ্গীর আলম জানা, স্বাধীন বাংলা সার্কাসের মালিক চুক্তি অনুযায়ী ভাড়ার টাকা পরিশোধ না করায় ঢোলভাঙ্গায় আরেকটি সার্কাসের সঙ্গে হাতির মালিক হাতেম আলী নতুন করে চুক্তি করেন। সেখানে হাতিটি নিয়ে যাওয়া হচ্ছিল।
তবে সার্কাস মালিক সাইদুর রহমানের দাবি, হাতেমের লোকজন হাতিটি চুরি করে নিয়ে যাচ্ছিল।
সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, দুপক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে। সব দেখে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ততক্ষণ পর্যন্ত হাতিটি থানা হাজতে থাকবে, বলেন তিনি।
