২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলায় পঞ্চম পর্বে ভোটের হার ৬১ শতাংশ

উপজেলা নির্বাচনের পঞ্চম পর্বে ভোটের হার চতুর্থ পর্বের চেয়ে বেশি হলেও তা আগের তিন পর্বের তুলনায় কম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 06:44 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

সোমবার ৩৪ জেলার ৭৩ উপজেলায় ভোট হয়, ৬০ দশমিক ৮৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশনের তথ্যে দেখা যায়।

এই উপজেলাগুলোতে ১ কোটি ৩৮ লাখ ৯১ হাজার ৯৯২ জন ভোটারের মধ্যে ৮৪ লাখ ৫৯ হাজার ৫০৯ জন ভোট দিয়েছেন। ভোট বাতিল হয়েছে ৩ লাখ ১৭ হাজার ১১২টি। এই পর্বে সর্বোচ্চ ভোট পড়েছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৮৭ দশমিক ২৪ শতাংশ। সর্বনিম্ন ভোট পড়ে ময়মনসিংহের ত্রিশালে ৪৪ দশমিক ২২ শতাংশ।

সংঘাত-সহিংসতার মধ্যে অনুষ্ঠিত চতুর্থ পর্বে ৯১ উপজেলায় ৫৬ দশমিক ১২ শতাংশ ভোট পড়ে।  পঞ্চম পর্বে গোলযোগ না হলেও কেন্দ্র দখল করে অবাধে ভোট দেয়ার চিত্র ধরা পড়েছে।

প্রথম পর্বে ৯৭ উপজেলায় ৬২ দশমিক ৪৪ শতাংশ, দ্বিতীয় পর্বে ১১৬ উপজেলায় ৬৩ দশমিক ৩১ শতাংশ ও তৃতীয় পর্বে ৬৩ দশমিক ৫২ শতাংশ ভোট পড়েছিল।

দেশের ৪৮৭ উপজেলার মধ্যে প্রথম ধাপে ৯৭ উপজেলার ভোট দিয়ে ১৯ ফেব্রুয়ারি চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়। দ্বিতীয় পর্বে ১১৬ উপজেলায় ২৭ ফেব্রুয়ারি, তৃতীয় পর্বে ৮১ উপজেলায় ১৫ মার্চ, চতুর্থ পর্বে ৯১ উপজেলায় ও পঞ্চম পর্বে ৭৪ উপজেলায় ভোট হয়।

এ ৫ ধাপে ৪৫৯ উপজেলায় ভোট শেষে ষষ্ঠ ধাপে ২২ উপজেলার ভোট রয়েছে। বাকি ৬টি উপজেলার মেয়াদ এখনো শেষ হয়নি।