২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর আপিলের পরবর্তী শুনানি ৮ এপ্রিল

যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের শুনানি বসন্তকালীন ছুটির পর আবার শুরু হলেও একসপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 06:20 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানিতে অংশ নেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।

পরে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আগামী ৮ এপ্রিল এই আপিলের পরবর্তী শুনানির দিন রাখে আদালত।

বর্তমানে রাষ্ট্রপক্ষের বক্তব্য উপস্থাপন চলতে থাকা এই আপিলের ওপর সর্বশেষ শুনানি হয় ১২ মার্চ। রাষ্ট্রপক্ষের উপস্থাপন শেষ হলে যুক্তি খণ্ডনের সুযোগ পেতে পারে আসামিপক্ষ। কোনো ব্যতিক্রম না হলে সাধারণ নিয়ম অনুসারে এরপরই মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হবে।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আনা ২০টি অভিযোগের মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে আগুন দেয়ার দুটি অভিযোগে তার মৃত্যুদণ্ড হয়।

আরো ছয়টি অভিযোগ সন্দেহাতীতভাবে আদালতে প্রমাণিত হলেও এরমধ্যেই ফাঁসির আদেশ হওয়ায় সেগুলোতে কোনো দণ্ড দেয়নি আদালত।

এই রায়ের বিরুদ্ধে গত ২৮ মার্চ আপিল করেন সাঈদী। অন্যদিকে প্রমাণিত হলেও সাজা না হওয়া ছয় অভিযোগে এই জামায়াতনেতার শাস্তি চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।

গত বছরের ২৪ সেপ্টেম্বর এই মামলার আপিল শুনানি শুরু হয়। প্রথমে আসামিপক্ষ রায়, সাক্ষ্য ও জেরা উপস্থাপনের পর গত ২৯ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এসএম শাহজাহান।

আসামিপক্ষের পর গত ২৫ ফেব্রুয়ারি থেকে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করছে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনাল যে ১২টি অভিযোগ থেকে সাঈদীকে খালাস দিয়েছে, সেগুলোতেও আপিলে ‘পূর্ণ ন্যায়বিচার’ চায় রাষ্ট্রপক্ষ।

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রথম রায়ে গত ২১ জানুয়ারি জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ আসে। পলাতক থাকায় তিনি এর বিরুদ্ধে আপিল করতে পারেননি।

৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট গত ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত রায়ে কাদের মোল্লাকেও মৃত্যুদণ্ড দেয়। ১২ ডিসেম্বর ওই দণ্ড কার‌্যকর হয়।

তৃতীয় রায়ে সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এরপর মানবতাবিরোধী অপরাধের বিচারের আরো ছয়টি রায় দেয়া হয়।