ভোলার পাওয়ার প্ল্যান্টটির উৎপাদন ‘অনিশ্চিত’
মেরিন ক্যাবলে ত্রুটির কারণে ভোলার রেন্টাল পাওয়ার প্ল্যান্ট গত বছরের ১০ অগাস্ট রাতে বিকল হওয়ার পর বার বার প্রতিশ্রতি দিয়েও উৎপাদনে আসতে পারছে না। ফলে শেষ হয়নি ভোলার মানুষের ভোগান্তি।
সিনহা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ভেনচার এনার্জি রিসোর্সেস লিমিটেডের গ্যাসভিত্তিক এ প্ল্যান্টের ক্ষমতা ৩৪ দশমিক ৫ মেগাওয়াট।
২০০৯ সালের ১২ জুলাই ভোলার এই রেন্টাল পাওয়ার প্ল্যান্ট উৎপাদনে যাওয়ার পর থেকে প্রায়ই যান্ত্রিক গোলযেগে উৎপাদন ব্যাহত হচ্ছিল। এ ব্যাপারে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থাও নেয়া হয়নি।
জেলায় গরমের মৌসুমে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৩০ মেগাওয়াট। এখন ভরসা শুধু জাতীয় গ্রিডের পটুয়াখালী ও বরিশাল থেকে মেরিন ক্যাবলের মাধ্যমে পাওয়া ৮-১২ মেগাওয়াট বিদ্যুৎ।
ভোলার এই ৩৪.৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার প্ল্যান্টের সাবেক পরিচালক (প্রকৌশল) হামুদুর রহমান খান জানান, প্ল্যান্টটি ফ্রান্সের আলস্টোম কোম্পানির তৈরি। বিকল হওয়ার পর প্রয়োজনীয় পার্টস ফ্রান্স থেকে না এনে চীন থেকে আনা হয়েছে। তাই এটি সচল হতে সময় লাগছে।
ভেনচার এনার্জি রিসোর্সেস লিমিটেডের ভোলার ম্যানেজার হাফিজুর রহমান বরাবরের মতো জানান, এক সপ্তারে মধ্যে ফের উৎপাদন শুরু হবে।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ভোলার নির্বাহী প্রকৌশলী মো. আলী জানান, প্ল্যান্টটির কর্তৃপক্ষের ব্যর্থতা ও দায়িত্বহীনতার জন্য বারবার প্রতিশ্রতি দিয়েও তারা ফের উৎপাদনে যেতে পারছে না।
