সিলেটে ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
মামলা প্রত্যাহার এবং ভারতে ডিজেল পাচারকারীদের গ্রেপ্তারের দাবিতে জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
সোমবার রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটর-এজেন্টস এবং পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ সিএনজি স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কস এসোসিয়েশন, সিলেট বিভাগ ট্যাংক লরি মালিক সমিতি ও সিলেট বিভাগ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে প্রশাসনের যৌথ বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিন্ধান্ত নেয়া হয়।
বাংলাদেশ সিএনজি স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কস এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী জানান, জেলা প্রশাসকের সাথে বৈঠকের পর মামলা প্রত্যাহারের আশ্বাস এবং ভারতে ডিজেল পাচার অভিযোগ সম্পর্কে তদন্ত কমিটি গঠনের পর নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
সিলেট জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকে রোববার থেকে ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। পরে সিলেট বিভাগের পেট্রল পাম্প, সিএনজি স্টেশন ও ট্যাংক লরি মালিকরা এই কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়েছিলেন।
সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, ভারতে ডিজেল পাচারের অভিযোগ বিষয়ে তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মতিয়ার রহমানকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ১০ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদক দিতে বলা হয়েছে।
