চট্টগ্রামে শুটিং করতে গিয়ে আটক ৩
খেলোয়াড়দের মাঠে যাওয়ার সময় সৃষ্ট যানজটে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে শুটিং করতে গিয়ে চট্টগ্রামে তিনজনকে আটক করেছে পুলিশ।
দেশের ‘ভাবমূর্তি ক্ষুণ্ন’ করার অভিযোগে সোমবার দুপুরে হালিশহর এক্সেস রোড থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন হালিশহর থানার ওসি শাহজাহান কবির।
আটক তিনজন হলেন- বিবি আয়েশা সুমি (২৩), রিসাতুল হক (২৭) ও শামসুল আলম (২৮)। তাদের মধ্যে সুমি অভিনয় করছিল এবং অন্য দুইজন ভিডিও করছিল বলে জানান ওসি।
টিটোয়েন্টি বিশ্বকাপে খেলোয়াড়দের নিরাপত্তায় তারা যেসব রাস্তা দিয়ে চলাচল করছেন, সেসব রাস্তা আধঘন্টা আগে থেকেই বন্ধ করে দেয়া হচ্ছে। এতে রাজধানী ও চট্টগ্রাম নগরীতে প্রতিদিনই কমবেশি যানজট তৈরী হচ্ছে।
ওসি শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে খেলোয়াড়দের মাঠে নিয়ে যাওয়ার জন্য রাস্তা বন্ধ করা হলে নগরীর এক্সেস রোডে আটককৃতরাসহ পাঁচজন মিলে শুট করছিলেন।
তিনি বলেন, “একজন অন্ত:সত্তা মহিলা রাস্তায় আটকে আছে এবং তার স্বামী তাকে কোলে নিয়ে ট্রাফিক পুলিশের পায়ে ধরছে- এমন একটি দৃশ্যের শুট করছিলেন আটককৃতরা ।”
এতে রাষ্ট্রের ‘ভাবমূর্তিক্ষুণ্ন’ করার চেষ্টা করা হয়েছে বলে দাবি ওসির।
ওসি শাহজাহান বলেন, “এসময় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তর দিতে পারেননি এবং তাদের সঙ্গে থাকা দুইজন পালিয়ে যায়।”
আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
