হাসপাতালে ডাক্তার অনুপস্থিত, রোগীদের বিক্ষোভ
হাসপাতালে কোন ডাক্তার না থাকায় চিকিৎসক না পেয়ে শতাধিক রোগী বিক্ষোভ করেছে।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করেন রোগীসহ তাদের স্বজনরা।
তারা চিকিৎসা নেয়ার জন্য টিকিট কিনে অপেক্ষা করছিলেন।
হাসপাতালের স্বাস্থ্য সহকারী সামছুজ্জামান বলেন, “একজন এমএলএসকে নিয়ে জরুরি বিভাগ সামাল দিতে হচ্ছে।
“রোগীরা চিকিৎসক না পেয়ে উত্তেজিত হয়েছেন।”
এ হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ(ইউএইচও) ছয় জন চিকিৎসক কর্মরত রয়েছেন।
এদের মধ্যে ইউএইচও তানিয়া ইসলাম, আবাসিক চিকিৎসক সাইফুল ইসলাম জয়, চিকিৎসা কর্মকর্তা আফরিনা সুলতানা ও তৌহিদুল আহসান খান ছুটিতে রয়েছেন।
অন্য দুইজন খালেক কায়সার এবং নুরুল হুদা হাসপাতালে আসেননি বলে জানান তিনি।
তবে নেত্রকোণা সিভিল সার্জন সাহেদ উদ্দিন আহম্মেদ বলেন, “আমার জানামতে একমাত্র ইউএইচও ছুটিতে আছেন।
“বিষয়টি আমি এখনই খোঁজ নিচ্ছি।”
চিকিৎসা নিতে আসা মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক ভূঞা বলেন, “সকাল সাড়ে ৯টা থেকে টিকেট নিয়ে ডাক্তারের অপেক্ষায় আছি।
হাসপাতালে একজন ডাক্তারও নেই।
ক্ষোভের সাথে একই কথা জানান রাজনগর গ্রামের আবুল কালাম, টেংগুরী গ্রামের আব্দুল হেলিম ও ছিলিমপুর গ্রামের মল্লিকা খাতুন ।
বেলা সোয়া ১২টার দিকে চিকিৎসক নুরুল হুদা খান হাসপাতালে এলে বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েন।
বিক্ষোভকারীরা তাকে ঘিরে উত্তেজিত আচরণ করে। এ সময় অনেকে চিকিৎসা সেবা না নিয়ই ফিরে যান।
হাসপাতালে দেরি আসার কারণ ব্যাখ্যা করে নুরুল হুদা বলেন, “উপজেলা পরিষদের একটি সভায় ছিলাম। এ কারণে হাসপাতালে আসতে দেরি হয়েছে।”
তাছাড়া আবাসিক চিকিৎসক সাইফুল ইসলাম জয় কাউকে না জানিয়ে সকালে ঢাকায় চলে যান উল্লেখ করে তিনি বলেন, “জেনেছি তিনি ছুটির দরখাস্ত রেখে গেছেন।”
তবে বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালে এসে চিকিৎসক খালেক কায়সার তার দেরিতে আসা প্রসঙ্গে কথা বলতে রাজি হননি।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালটির এক কর্মচারী জানান, এখানে চিকিৎসকরা যে যার মতো ব্যক্তিগত পছন্দের কর্মচারীদের কাছে ছুটির দরখাস্ত রেখে চলে যান।
‘কোন সমস্যা হলে ওই ছুটির দরখাস্ত হাজির করে পার পান চিকিৎসকরা।’
