ঘাটাইলে সংঘর্ষ, বিএনপির নির্বাচন বর্জন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে জাল ভোট দেয়ার অভিযোগ তুলে বিক্ষোভ ও অবরোধ করেছে বিএনপিসহ কয়েকজন প্রার্থীর সমর্থকরা।
সোমবার সকালে অবরোধ ও বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়।
প্রতিবাদে বিএনপি, জামায়াত, জাপা ও নির্দল চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কর্তৃপক্ষ।
ঘাটাইলের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, সন্ধানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাকড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ পাওয়ায় কেন্দ্রগুলোর নির্বাচন স্থগিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে বিক্ষুব্ধ জনতা ঘাটাইল উপজেলা পরিষদসহ টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড়ঘণ্টা অবরোধ করে রাখে।
এসময় বিক্ষোভকারীরা লাঠি হাতে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
পুলিশ লাঠিপেটা করে এবং ২৫ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।
ইউএনও কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আ খ ম রেজাউল করিম, নির্দল প্রার্থী মো. আ. রশিদ মিয়া, জামায়াতের মো. আনসার আলী, জাপা প্রার্থী আব্দুল হালিম।
সমাবেশে তারা সবাই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
ঘাটাইলে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন।
