রাজশাহীতে ২ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, বিক্ষোভ-অবরোধ
রাজশাহী বিশ্বাবদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সুদীপ্ত সালাম ও বর্তমান সাংগঠনিক সম্পাদক আকতারুল আসিফকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গ্রন্থাগারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইদুর রহমান ভুঁইয়া জানান, এরে মধ্যে সুদীপ্ত সালাম গত ২ ফেব্রুয়ারি সান্ধ্যাকোর্স বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর অস্ত্র উঁচিয়ে হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও বিস্ফোরক আইনে দায়ের করা পুলিশের দুইটি মামলা এবং অস্ত্র আইনে আরোটি মামলা দায়ের করে ওই তিন মামলায় তাদের আদালতে চালান দেয়া হবে, বলেন ওসি সাইফুল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে এমবিএসহ চারটি বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালু করার পর গত ফেব্রুয়ারিতে সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন অনুষদে আরো ১০টি বিভাগে তা চালুর উদ্যোগ নেয়া হলে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে, যার সঙ্গে তাদের বর্ধিত ফি বাতিলের দাবিও ছিল।
আন্দোলনের মুখে বর্ধিত ফি প্রত্যাহার করা হলেও সান্ধ্য কোর্স চালু রাখার বিষয়ে অটল অবস্থান নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর প্রতিবাদে আন্দোলনকারীরা ধর্মঘট চালিয়ে গেলে গত ২ ফেব্রুয়ারি তাদের ওপর চড়াও হয় পুলিশ ও ছাত্রলীগ।
ছাত্রলীগের বিক্ষোভ, অবরোধ
এদিকে এ গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন।
মিছিলটি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের ভিতর ঢুকে প্রক্টর ও জনসংযোগ দপ্তরে কার্যালয় ও দুটি বাসে ভাঙচুর চলায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরে তারা একঘণ্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। দুপুর আড়াইটার দিকে কর্মসূচি শেষ হয়।
ভাংচুর ও অবরোধের কথা স্বীকার করে ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম রাঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিচয় না দিয়ে আমাদের দুই নেতাকে মারধর করে নিয়ে যায়। পরে আমরা জানতে পারি তারা গোয়েন্দা পুলিশের সদস্য। এরই প্রতিবাদে ছেলেরা ক্ষিপ্ত হয়ে ভাংচুর ও অবরোধ করে।
প্রক্টর তারিকুল ইসলাম মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তারাই ক্যাম্পাসের শান্তি রক্ষার্থে হয়তো কাউকে আটক করেছে। আমরা এই বিষয়ে কোনো কিছু বলতে রাজি নই।”
