২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা-অবহেলায় মারা গেল স্কুলছাত্রী

খুলনা মহানগরীতে বেসরকারি ক্লিনিক নার্গিস মেমোরিয়ালে চিকিৎসায় অবহেলার কারণে এক এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 04:44 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

এ ঘটনায় সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সাদিয়া সোয়াইদা তাজিয়া (১১) মারা যায় বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আইনজীবী এ কে এম শহীদুল হোসেনের মেয়ে সে।

সোমবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু তাজিয়ার লাশের ময়নাতদন্ত হয়েছে।

এ ব্যাপারে নার্গিস মেমোরিয়াল ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. আরিফুর রহমান বলেন, “ক্লিনিকের নার্স রাসনার দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে।

“তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে চাকরীচ্যুত এবং পুলিশের হাতে তুলে দেয়া হবে।”

তবে এ ঘটনার পর ওই সেবিকা ‘অসুস্থ’ হয়ে ওই ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। সেখানে তাকে পাহারায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বাবা শহীদুল জানান, রোববার রাতে তাজিয়ার পেটে ব্যথা শুরু হলে নার্গিস মেমোরিয়াল ক্লিনিকে মেয়েকে নিয়ে যান।

প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ভর্তি করে নেন এবং অপারেশন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন।

তিনি বলেন, “এ সময় কেবিনে থাকা অবস্থায় ক্লিনিকের নার্স রাসনা শিশু তাজিয়াকে গ্যাস নিয়ন্ত্রণের ইনজেকশনের পরিবর্তে অচেতন করার ইনজেকশন পুশ করলে অল্পক্ষণের মধ্যে তাজিয়া অচেতন হয়ে পড়ে।

“পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা সোনাডাঙ্গা এলাকার বেসরকারি হাসপাতাল গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

“তাজিয়াকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাজিয়াকে ভর্তি না করে সেখানকার চিকিৎসকরা রোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

“এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাজিয়াকে মৃত ঘোষণা করেন।”

খুলনা থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, নার্গিস মেমোরিয়াল ক্লিনিকে চিকিৎসাধীন নার্স রাসানাকে দুইজন নারী পুলিশ পাহারায় রেখেছেন।