স্কুলছাত্র আহতের পর নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ
বাসের ধাক্কায় এক স্কুলছাত্র আহতের পর গতিরোধক নির্মাণের দাবিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়ক সাড়ে চার ঘণ্টা অবরোধ করেছেন এলাকাবাসী।
সোমবার সকাল ৯টা থেকে অবরোধ করে রাখায় মহাসড়কের দুই পাশে দশ কিলোমিটার জুড়ে কয়েকশ যানবাহন আটকা পড়ে।
পরে ওই এলাকায় গতিরোধক নির্মাণে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র নাঈম হোসেন (৮) রাস্তা পার হওয়ার বাসের ধাক্কায় তার হাত ভেঙে যায়। তাকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার পর ওই স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয়রা গড়মাটি বাজারের সামনে নাটোর-পাবনা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হন।
পরে সকাল ১০টায় বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসান ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে অবরোধ তুলে নেয়ার অনুরোধ করলে তারা তাৎক্ষণিকভাবে সেখানে গতিরোধক নির্মাণের দাবি জানান।
সৈয়দ ইরতিজা আহসান জানান, স্থানীয়দের সঙ্গে আলোচনায় ঘটনাস্থলে তিন দিনের মধ্যে গতিরোধক নির্মাণের আশ্বাস দেয়ার পর বেলা ১টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানান।
