সাতক্ষীরার ৩ উপজেলায় বিএনপির ভোট বর্জন
কেন্দ্র দখল ও জালভোটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সাতক্ষীরা সদর, তালা ও দেবহাটা উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীরা ভোট বর্জন করেছেন।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা শহরে বিএনপির নির্বাচন প্রচারণা ক্যাম্পে দলের জেলা সহসভাপতি কামরুল ইসলাম তালুকদার এ ঘোষণা দেন।
তালা ও দেবহাটা উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী যথাক্রমে বদরুজ্জামান ও মহিউদ্দীন সিদ্দিকী জানান, কোনো কোনো ভোট কেন্দ্রে ভোটাররা যাওয়ার আগেই তাদের ভোট দেয়া হয়ে গেছে। ভোট দিতে না পেরে তারা বাড়ি ফিরে গেছে।
তারা অভিযোগ করেন, তাদের এজেন্টদের কেন্দ্র ঢুকতে দেয়া হয়নি। কিছু কিছু কেন্দ্রে এজেন্ট না পৌঁছালেও পরবর্তীতে তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির সাংবাদিকদের জানান, স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোনো অভিযোগ পাওয়া গেলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।
জেলা প্রশাসক নাজমুল আহসান বেলা পৌনে ১টায় জানান, এ পর্যন্ত কোনো প্রকার অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
সাতক্ষীরার এ তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন উপজেলায় মোট ভোটার ৬ লাখ ১৬ হাজার ৩৫২ জন।
