কায়সারের স্বাস্থ্য নিয়ে মেডিকেলে বোর্ড গঠনের নির্দেশ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টি নেতা সৈয়দ মো. কায়সারের স্বাস্থ্য বিষয়ে তথ্য জানতে বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের আদেশের কপি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পৌঁছানোর ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে আদেশে।
প্রসিকিউশনের সাক্ষীকে প্রলোভন ও হুমকি দেয়ার অভিযোগে গত ৯ মার্চ কায়সারের জামিন বাতিল চেয়ে আবেদন করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত।
রোববার দ্বিতীয় দিনের মতো আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আদেশে আসামি কায়সারকে বিএসএমএমইউতে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা-নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয়া হয়।
আবেদনের উপর শুনানি করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। কায়সারের পক্ষে উপস্থিত ছিলেন তার আইনজীবী এস এম শাহজাহান ও আব্দুস সোবহান তরফদার।
এদিন ট্রাইব্যুনালে কায়সারের বিরুদ্ধে সাক্ষ্য দেন মুক্তিযুদ্ধে কায়সারের নেতৃত্বে গঠিত ‘কায়সার বাহিনী’তে যোগ দেয়া প্রসিকিউসনের সাক্ষী মো. তাজুল ইসলাম।
দেশের ক্ষতিগ্রস্ত জনগণ ও সরকারের কাছে ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, “আমি অনুতপ্ত হয়ে সত্য কথাগুলো বলার জন্য আজকে এখানে এসেছি।”
ব্রাহ্মণাবাড়িয়া জেলার নাসিরনগর থানার হরিপুর গ্রামের এ বাসিন্দা জানান, ১৯৫৮ সালে আদাঐর লোকনাথ হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন তিনি। ১৯৬৪ সালে ভুবন আনোয়ারুল উলুম মাদ্রাসা থেকে ‘হাপ্তাম’ (৫ম শ্রেণী) পাশ করেন।
৮৩ বছর বয়সী এই সাক্ষী বলেন, ১৯৭১ সালের সৈয়দ মো. কায়সারের নিজ নামে গঠিত ‘কায়সার বাহিনী’তে যোগ দেন।
ওই বাহিনীর সদস্য হিসেবে নিজের নাম লেখা সাদা কাগজে সাক্ষর ও টিপসই দিয়েছিলেন বলেও জানান তিনি।
কায়সার বাহিনী গঠনের ঘটনা বর্ণনা করে তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ এপ্রিল মৌলভি মঞ্জুর আলী সাহেব গুনিয়াউকে তার বাড়িতে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে এক মিটিংয়ের আয়োজন করে। ওই মিটিংয়ে অন্যান্যদের মধ্যে অভিযুক্ত সৈয়দ মো. কায়সারও যোগ দেয়।
ওই মিটিংয়ে তিনি নিজেও যোগ দিয়েছিলেন উল্লেখ করে সাক্ষী বলেন, ওই মিটিংয়ে সৈয়দ মো. কায়সারকে শান্তি কমিটির প্রধান হিসেবে নিয়োগ করেন মৌলভী মো. মঞ্জুর আলী। কায়সার প্রত্যেক ইউনিয়নে শান্তি কমিটি গঠন করার নির্দেশ দেয়।
তাজুল ইসলাম নিজেও শান্তি কমিটির সদস্য ছিলেন বলে ট্রাইব্যুনালের প্রশ্নের জবাবে জানান।
কায়সার বাহিনীর তৎপরতার বর্ণনা দিয়ে তিনি বলেন, ১৯৭১ সালের ২৩ জুন কায়সারের নির্দেশে তিনিসহ বাহিনীর একশ’ সদস্য নিয়ে হরিপুরের আওয়ামী লীগ নেতা গোলাম নূরের বাড়ীতে যান কায়সার।ওই বাড়িতে কায়সারের নির্দেশে আগুন লাগিয়ে দেয়া হয়।
সাক্ষী আরো বলেন, ১৯৭১ সালের ১৫ নভেম্বর করগাঁও, বরুঙ্গা, চিটনা, আলগপুর, লক্ষীপুর, তিলপাড়াসহ প্রায় ২১/২২টি গ্রাম চারদিক থেকে ঘেরাও করে পাকিস্তানি, রাজাকার ও কায়সার বাহিনীর সদস্যরা। গ্রামগুলোতে এলোপাথাড়ি গুলি চালানো হয় এবং বেশ কয়েকটি গ্রামে অগ্নিসংযোগ করা হয়।
“আমি নিজে কায়সার বাহিনীর সঙ্গে ছিলাম। পরের দিন লোকমুখে শুনতে পাই সেখানে ১০৮ জন লোক নিহত হয়েছে।”
সাক্ষ্য শেষে সাক্ষীকে জেরা করা শুরু করেন কায়সারের আইনজীবী আব্দুস সোবহান তরফদার। পরে জেরা অসমাপ্ত অবস্থাতেই সোমবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।
গত ২ ফেব্রুয়ারি কায়সারের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণসহ ১৬টি অভিযোগে কায়সারে বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল-২।তার বিরুদ্ধে রয়েছে হত্যা, গণহত্যা, নির্যাতন, আটক, ধর্ষণ, মুক্তিপণ আদায়, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের অভিযোগ।
গতবছরের ১৫ মে কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।ওইরাতেই গ্রেপ্তার করা হয় মুসলিম লীগের সাবেক এই নেতাকে। এরপর তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
২১ মে কায়সারকে হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
গত ৪ আগস্ট সৈয়দ কায়সারকে শর্তসাপেক্ষে জামিন দেয় ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন আসামীদের মধ্যে কায়সার দ্বিতীয় আসামী যাকে জামিনে রেখে বিচার কাজ পরিচালিত হচ্ছে।
