মুক্তিযোদ্ধা ভুয়া চিহ্নিত হলে শাস্তি: মন্ত্রী
শিগগিরই ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, “যারা ভুয়া সনদ নিয়ে মুক্তিযোদ্ধা সেজে বসে আছেন অচিরেই তাদেরকে চিহ্নিত করে সনদ বাতিল করে শাস্তির আওতায় আনা হবে। মুক্তিযুদ্ধের সময় তাদের অবস্থান কোন পর্যায়ে ছিল তাও খতিয়ে দেখা হবে।”
মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেন, “জিয়াউর রহমান যে মুক্তিযুদ্ধ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তার প্রমাণ তৎকালীন একজন পাকিস্তানি সেনা কর্মকর্তার চিঠিতে পাওয়া যায়।”
ওই চিঠির বরাত দিয়ে তিনি বলেন, “জিয়াকে উদ্দেশ্য করে ওই সেনা কর্মকর্তা লিখেছিলেন- তুমি যা করছো, তাতে আমরা সন্তুষ্ট। তোমাকে শিগগিরই নতুন অ্যাসাইনমেন্ট দেয়া হবে। আর তোমার স্ত্রী ও সন্তান আমাদের কাছে নিরাপদ রয়েছে।”
মুক্তিযুদ্ধ চলাকালীন জিয়াউর রহমানের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর সুসম্পর্ক ছিল দাবি করে আ ক ম মোজাম্মেল হক বলেন, “এ সংক্রান্ত দলিল শিগগিরই প্রকাশ করা হবে।”
তিনি বলেন, “মুক্তিযুদ্ধের জেনারেল ওসমানী কর্তৃক জিয়া একবার বরখাস্ত হয়েছিলেন। পরে ক্ষমা চাইলে তাকে সেক্টর কমান্ডারের পদবী ফিরিয়ে দেয়া হয়।”
মুক্তিযোদ্ধার সন্তানদের উদ্দেশে তিনি বলেন, মুক্তিযোদ্ধার সন্তানদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে হবে। মুক্তিযুদ্ধবিরোধী চেতনায় বিশ্বাসী হলে তারা রাষ্ট্রীয় সুযোগ থেকে বঞ্চিত হবেন।
‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার’ শীর্ষক ওই আলোচনা সভাটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
'মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের' ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্য সচিব আল-মামুন সভাটির সঞ্চালনা ও সংগঠনটির সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স এতে সভাপতিত্ব করেন।
এতে মুক্তিযোদ্ধা সন্তান প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ডের আহ্বায়ক আব্দুল মান্নান চৌধুরী, ঢাবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ বক্তব্য দেন।
বক্তব্য পর্ব শেষে ঢাবিতে ভর্তি হওয়ার প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে (মুক্তিযোদ্ধার সন্তান) বরণ করে নেয়া হয়।
আলোচনা সভা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার, মনোরঞ্জন ঘোষাল প্রমুখ সংগীত পরিবেশন করেন।
