২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বখাটেদের হামলায় শিক্ষার্থী-শিক্ষকসহ আহত ১০

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মেলার মধ্যে ছবি তুলতে বাধা দেয়ায় একটি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে উত্ত্যক্তকারীরা।   

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 10:06 AM

Updated : 01 Sep 2026, 12:42 PM

আদিতমারী থানার এসআই সামিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যার দিকে সাপ্টীবাড়ী  ইউনিয়নের  খাতাপাড়া  পিটিআই  ইনস্টিটিউট এলাকায় ছাত্রীদের অপহরণের চেষ্টাও করে উত্ত্যক্তকারীরা।

সারপুকুর উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক আবু তালেব মিয়া জানান, হামলায় আহত হয়েছেন তার বিদ্যালয়ের  আটজন ছাত্রী, একজন ছাত্র ও একজন শিক্ষক।

আহতরা হলেন-  শিক্ষার্থী নুরে আক্তার জাহান মুন (১৪),  শাহানাজ পারভীন (১৪), শাহানা আক্তার (১৩),  উম্মে কুলছুম (১৩),  বীথি রাণী (১২),  তাসলীমা আক্তার (১৬) , চন্দন কুমার (১৩)  এবং তাদের সঙ্গে থাকা সহকারী শিক্ষক প্রণব কুমার রায়।

এদের মধ্যে গুরুতর আহত ছাত্র চন্দনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাত ছাত্রীর চিকিৎসা চলছে আদিতমারী উপজেলা হাসপাতালে। আর প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে শিক্ষক ও এক ছাত্রীকে।

উপজেলা হাসপাতালের চিকিৎসক ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  রাতে ১০ জনকে হাসপাতালে আনা হয়। এক ছাত্রের পা ভেঙে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একজন শিক্ষক ও এক ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

প্রধান শিক্ষক আবু তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনিয়নের খাতাপাড়া মানসিকা স্কুল প্রাঙ্গণে বিজ্ঞান মেলার অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা অংশ নেয়। বিকালে কয়েকজন বখাটে ছাত্র মোবাইলে ছাত্রীদের ছবি তুলতে চাইলে ছাত্রী, ছাত্র ও শিক্ষকরা বাধা দেয়।

সন্ধ্যার দিকে মেলা থেকে  ছাত্র-ছাত্রীদের নিয়ে অটোরিকশায় বাড়ি ফেরার সময় পিটিআই ইনস্টিটিউটের কাছে তাদের ওপর হামলা চালায় ওই বখাটেরা।

এতে শিক্ষকেরা বাধা দিলে তারা  ছাত্র-ছাত্রী ও শিক্ষককে মারধোর করে ও ছাত্রীদের লাঞ্ছিত করে অপহরণের চেষ্টা করে। ছাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়।

ঘটনার পরপর রাতেই প্রধান শিক্ষক বাদি হয়ে একটি মামলা করেছেন বলে জানিয়েছেন এসআই সামিউল ইসলাম। এতে চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।

অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।