সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেল শিশুটিও
ঢাকার কামরাঙ্গীরচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা ও নানীর পর মারা গেছে দেড় বছরের শিশুটিও।
আলিফ নামে শিশুটি শনিবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎনাধীন অবস্থায় মারা যায়। এর আগে সন্ধ্যা থেকে রাতের মধ্যে মারা যান আলিফের মা লাকি বেগম (২৭) ও নানী আকলিমা বেগম (৫৫)।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মুজবরঘাটের ‘নোয়াখাইল্যা বাড়িতে’ ঘরে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছিলেন তারা তিনজন।
সঙ্গে সঙ্গে তাদের ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে নেয়া হয়। আকলিমার দেহের ৬৫ ভাগ, লাকির ৮৫ ভাগ এবং আলিফের ৯৫ শতাংশ পুড়েছিল।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল ভর্তির পরপরই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।”
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সোয়া ১টার দিকে আলিফের মৃত্যু হয়।
আলিফের মৃত্যুর কয়েক ঘণ্টা আগে মারা যান লাকি। আকলিমার মৃত্যু হয় সন্ধ্যায়।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আলিফ
স্বজনদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বলেন, গ্যাসের চুলায় রান্নার সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।
জলির স্বামী রমজান আলী কামরাঙ্গীরচর এলাকায় এসি, ফ্রিজসহ ইলেকট্রনিক সামগ্রী মেরামতের কাজ করেন।
একইদিন সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীবেষ্টিত প্রত্যন্ত চরাঞ্চল উমরপুর ইউনিয়নের বাউশা চরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন এক পরিবারের তিনজন।
আহতরা হলেন আনোয়ার ব্যাপারী (৪০), তার স্ত্রী রেজিনা খাতুন (৩৩) এবং ছেলে আব্দুল কাদের (৮)। তাদের পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা জানান, দুপুরে নিজ বাড়িতে স্বর্ণের কাজ করা অবস্থায় হঠাৎ পরপর দুটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়। এতে ঘরে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে আনোয়ারের স্ত্রী রেজিনা খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ইউপি চেয়ারম্যান হালিম।
তিনি আরো জানান, আগুনে ওই বাড়ির ৫টি ঘর, নগদ অর্থ, ধান, চার ভরি সোনা ও ১০০ ভরি রুপাসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
