বোয়ালমারীতে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ডাকাতি মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছে এলাকাবাসী।
উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়িতে শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, তেলজুড়ি উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি আফতাব মোল্লা (৩০) এবং মিরাজ মোল্লাকে (২০) গ্রেপ্তার করে পুলিশ।
এসময় উপস্থিত লোকজন হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে দু’আসামিকে ছিনিয়ে নেয়। তাদের আঘাতে পুলিশ কনস্টেবল সাখাওয়াত হোসেন (৫৫) ও হারুন অর রশিদ (৬০) আহত হন।
আহত দুই পুলিশ সদস্যকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে রাত ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।
তিনি বলেন, “ হামলাকারী ও আসামি ধরতে পুলিশ রাতেই ওই এলাকায় সাড়াশি অভিযান শুরু করেছে। আশা করছি অপরাধীদের দ্রুত সময়ে মধ্যে ধরতে পারব।”
