২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিথ্যাচার বন্ধ না করলে দেশদ্রোহী হিসাবে বিচার’

জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে দাবি করায় খালেদা জিয়া ও তার ছেরে তারেক রহমানের সমালোচনা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা বলেছেন, ‘ইতিহাস বিকৃতি’ থেকে বিরত না হলে দেশের জনগণ ‘দেশদ্রোহী হিসাবে’ তাদের বিচার করবে।

সৈয়দ নাহাস পাশা

লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 11:01 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

শুক্রবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘দেশি-বিদেশি কায়েমি স্বার্থবাদীদের প্রতিনিধি’ বলেও আখ্যায়িত করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, “সম্প্রতি দেশে স্বাধীনতাবিরোধী মহলের চক্রান্ত নানা মাত্রায় বৃদ্ধি পেয়েছে। গত ২৭ মার্চ ঢাকার একটি জনসভায় বেগম খালেদা জিয়া ও ২৪ মার্চ লন্ডনের একটি হলে দলীয় কর্মীসভায় তারেক রহমান মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছেন। তাদের এই হীন, মিথ্যা ও বানোয়াট বক্তব্য যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।”

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এনে তিনি বলেন, “আমাদের অনুরোধ, ইতিহাস বিকৃতি থেকে বিরত থাকুন। অন্যথায় দেশের জনগণ দেশদ্রোহী হিসাবে বিচার করবে।”

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে মেজর রফিকুল ইসলামের লক্ষ প্রাণের বিনিময়ে এবং কবি বেলাল মোহাম্মদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গ্রন্থ থেকে উদ্ধৃত করে একাত্তরে মেজর জিয়াউর রহমানের ভূমিকা সংবাদ সম্মেলনে তুলে ধরেন সাজিদুর রহমান।

তিনি বলেন, “তারেক জিয়া তেতাল্লিশ বছর পর কীভাবে এবং কোথায় জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হওয়ার তথ্য পেলেন এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হওয়ার খবর পেয়ে গেলেন, তা অলীক কল্পনা ছাড়া আর কী হতে পারে?”

১৯৭৭ সালের পর জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকার সময় ১৬ খণ্ডে প্রকাশিত মুক্তিযুদ্ধের ইতিহাসের কোথাও স্বাধীনতার ঘোষক বা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে জিয়া নিজেকে দাবি করেননি বলেও মন্তব্য করেন  তিনি।

প্রবাসী এই আওয়ামী লীগ নেতা বলেন, “বাংলাদেশের সন্ত্রাস, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের গডফাদার তারেক রহমান দেশের সম্পদ লুট করে দেশ থেকে পালিয়ে লন্ডনে গুপ্ত অবস্থায় আছেন। আর ষড়যন্ত্রের জাল বিস্তারের কাজে ব্যস্ত রয়েছেন।”

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস ‘বিকৃতির অপচেষ্টা ও মিথ্যাচার’ করে খালেদা জিয়া ও তারেক রহমান ‘রাষ্ট্রদ্রোহী, ষড়যন্ত্রকারী’ হিসাবে নিজেদের চিহ্নিত করেছেন বলে মন্তব্য করেন সাজিদুর রহমান ফারুক।

অন্যদের মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা শামসুদ্দিন খান, আনোয়ারুজ্জামান চৌধুরী, জালাল উদ্দিন ও মারুফ চৌধুরী এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।