২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ উন্নয়ন করে, বাকিরা লুটে খায়: স্পিকার

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। আর অন্যরা ক্ষমতায় আসে শুধু নিজেদের আখের গোছাতে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 10:31 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

শুক্রবার বিকেলে রংপুরের পীরগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে এই মন্তব্য করে তিনি।

আওয়ামী লীগ উন্নয়ন করে, আর বাকিরা লুটে খায় মন্তব্য করে স্পিকার বলেন, “আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু অর্থনৈতিক মুক্তি লাভ করতে পারিনি। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি আধুনিক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার”

“২০০৯ সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, তখন বিদ্যুৎ ছিল ৩ হাজার মেগাওয়াট, সেখান থেকে গত ৫ বছরে দশ হাজার মেগাওয়াটে উন্নীত করতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ সরকার।”

“বর্তমান সরকার বিদ্যুতের উৎপাদন ২৫ হাজার মেগাওয়াটে উন্নীত করে গ্রাম-গঞ্জে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করছে।”

দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদের স্পিকার হওয়ার পর বৃহস্পতিবার প্রথম নিজ নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জে আসেন শিরীন শারমিন চৌধুরী।

নোয়াখালী-১ আসন থেকে শিরীন শারমিন গত ৫ জানুয়ারির নির্বাচনে সরাসরি অংশ নিতে চাইলেও দলীয় মনোনয়ন পাননি।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার সুযোগ পান তিনি।

ওই উপনির্বাচনের জন্য ২০ ফেব্রুয়ারি ভোটের তারিখ রাখা হলেও আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।

সুধী সমাবেশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছায়াদত হোসেন বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম বক্তব্য রাখেন।