সবার জন্য ধানমণ্ডি মাঠ খুলে দেয়ার দাবি
সর্বসাধারণের জন্য মাঠ উন্মুক্ত করাসহ পাঁচ দফা দাবিতে অর্ধ শতাধিক পরিবেশবাদী সংগঠনের নেতারা ধানমণ্ডি খেলার মাঠের সামনে মানববন্ধন ও নাগরিক সমাবেশ কর্মসূচি পালন করেছে।
শুক্রবার সকাল ৯টায় এসব সংগঠনের নেতা ও সংগঠকরা হাইকোর্টের রায় বাস্তবায়ন করে ধানমণ্ডি মাঠ সবার জন্য খুলে দেয়ার দাবিতে সেখানে জড়ো হন বলে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন এক বিজ্ঞপ্তিতে জানান।
আন্দোলনকারীদের দাবিগুলো হলো, অবিলম্বে ধানমণ্ডি মাঠের ভেতর সব স্থাপনা নির্মাণ বন্ধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং আদালতের নির্দেশ মেনে মাঠকে সবার জন্য উন্মুক্ত করা।
এছাড়া অন্যান্য দাবির মধ্যে রয়েছে, ধানমণ্ডি ক্লাব বা শেখ জামাল ক্লাবসহ সব বেআইনী দখলদারদের মাঠ উন্নয়নের নামে অধিকার বহির্ভূত ও স্বঘোষিত কার্যকলাপ বন্ধ করা, বেআইনী দখলদারদের শাস্তি ও মাঠের ব্যবস্থাপণায় এলাকাবাসী, নাগরিক ও ক্রীড়াবিদদের সম্পৃক্ত করা।
মানববন্ধন শেষে সমাবেশে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, “ধানমণ্ডি মাঠ রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে, মহামান্য আদালতের নির্দেশনাও রয়েছে। অথচ সেগুলো বরখেলাপ করে কিভাবে একটি মহল মাঠটি দখল করে রেখেছে, তা আজ আমাদের কাছে বড় প্রশ্ন।“
জনস্বার্থ বিরোধী এই ধরনের কার্যক্রম বন্ধ করতে এবং জনগণের মাঠ তাদেরকে ফিরিয়ে দিতে সরকারকে উদ্যোগী হতে হবে মন্তব্য করেন তিনি।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “একটি বিশেষ মহল শুধু তাদের নিজেদের প্রয়োজনে প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করে তার পরিবারের নাম ব্যবহার করে মাঠটি দখল করে রেখেছে, যা অত্যন্ত বেদনাদায়ক। এটি কারো কাম্য নয়।“
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন,“আপনিই পারেন সাধারণ মানুষের এই প্রিয় মাঠটিকে আবার তাদের মাঝে ফিরিয়ে দিতে।“
অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “কোন ক্লাব বা ব্যক্তি স্বার্থে ধানমণ্ডি মাঠ নয়, এই মাঠ জনগণের স্বার্থে। মাঠটিতে শুধু আদালতের অবমাননাই নয়, চলছে বিরাট নির্মাণ কাজ। মাঠের দিকে তাকালে এখন আর মাঠ মনে হয় না।
“এই মাঠে এখন শত শত শিশু-কিশোর থাকার কথা ছিল। অথচ বিরাট এলাকা তালাবদ্ধ করে চলছে নির্মাণ কাজ।“
অনতিবিলম্বে এই নির্মাণ কাজ বন্ধ করার জন্য তিনি সরকারের প্রতি দাবি জানান।
স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, মানবাধিকার ও শিশু অধিকার ঘোষণামতে উন্মুক্ত জায়গা একটি অধিকার হিসেবে স্বীকৃত রয়েছে। তাই ধানমন্ডি মাঠকে বিনষ্ট করে এলাকাবাসীর সামান্য অধিকারটুকুও কেড়ে নেয়ার পাঁয়তারা আমরা মেনে নিতে পারি না।
এছাড়াও সমাবেশে বাপার সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, বিআইপির সভাপতি অধ্যাপক গোলাম রহমান, বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বাপার যুগ্মসম্পাদক স্থপতি শালমা এ শফি, ধানমন্ডির বাসিন্দা সাবেক রাষ্ট্রদুত ও সচিব মিজানুর রহমান, ধানমন্ডির বাসিন্দা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন আজাদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি), আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, সেন্টার ফর আরবান স্টাডিজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), নিজেরা করি, গ্রীণ ভয়েস, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার্স এসোশিয়েশন, ডাব্লিউবিবি ট্রাস্ট, নাগরিক উদ্যোগসহ অর্ধশতাধিক পরিবেশকবাদী সংগঠন যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
