২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে ৮টি টেক্সটাইল মিল ভস্মীভূত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আটটি টেক্সটাইল মিল পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 07:27 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

শুক্রবার গোপালদী পৌরসভার উলুকান্দি পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত এই মিলগুলো ভস্মীভূত হয় বলে অগ্নি নির্বাপণ কর্মীরা জানান।

মাধবদী ও নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে ১০ জন আহত হয়েছেন।

ক্ষতিগ্রস্তদের দাবি, প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ২০ কোটি টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে বিক্রমপুর টেক্সটাইল মিলে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের শিখা ২০/৩০ ফুট পর‌্যন্ত উপরে উঠে যায়।

পুড়ে যায় একই প্লটে থাকা আটটি টেক্সটাইল মিলের সুতা, কাপড়, যন্ত্রপাতি, পাওয়ার লুম মেশিনারিজ।

আধঘণ্টা পর মাধবদী ও নরসিংদী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া মিলগুলো হলো বিক্রমপুর টেক্সটাইল মিল, গোপাল টেক্সটাইল মিল, অসিত টেক্সটাইল মিল, এশা টেক্সটাইল মিল, পাঠান টেক্সটাইল মিল, ভাই ভাই টেক্সটাইল মিল, মজিবুর টেক্সটাইল মিল ও লৌহজং টেক্সটাইল মিল।

মাধবদী ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানান, আগুনে ৮টি টেক্সটাইল মিল পুড়ে গেছে। মিলের ৪১৭টি পাওয়ারলুম মেশিন, প্রায় ২ লাখ গজ কাপড়, সুতা, অন্যান্য যন্ত্রপাতি এমনকি মিল ঘরগুলোও পুড়ে গেছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তদন্তের আগে সম্পদহানির সঠিক হিসাব দেয়া মুশকিল বলে জানান তিনি।

নরসিংদী ফায়ার সার্ভিসের টিম লিডার আলতাফ হোসেন জানান, গোপালদী বাজার শিল্প এলাকা হলেও খুব ঘিঞ্জি পরিবেশ। আশপাশে খাল-বিল নেই। আমাদের গাড়ির পানি শেষ হওয়ার পর খাল খুঁজে পেতে অনেক কষ্ট হয়েছে।

ক্ষতিগ্রস্তদের একজন বিক্রমপুর টেক্সটাইল মিলের মালিক জয়দেব সাহা জানান, আগুনে ৮টি টেক্সটাইল মিলে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।