ঢাবি: তোপের মুখে হল ছাড়লেন দুই ছাত্রলীগ নেতা
এক ছাত্রীকে মারধর করার জের ধরে সাধারণ ছাত্রীদের তোপের মুখে হল ছাড়তে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত-মৈত্রী হলের ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে।
বুধবার রাতে ছাত্রীরা মৈত্রী হলের ফটকে থাকা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের ব্যানার ছিড়ে ফেলে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের সভাপতি আজমিরা এক ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে মারধর করেন। পরে ওই ছাত্রীর সহপাঠীরা এবং আন্দোলনরত সাধারণ ছাত্রীরা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে হল থেকে বহিষ্কারের দাবিতে আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে ছাত্রীদের তোপের মুখে রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আমজাদ হোসেনের গাড়িতে করে হল ছাড়তে বাধ্য হয় তারা।
এ ব্যাপারে আমাজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের (ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক) হল থেকে বের করে আনতে আমরা বাধ্য হয়েছি। সেখান থেকে বের করে না আনলে আরো বড় কোন দুর্ঘটনা ঘটতে পারতো।”
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ফরিদা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার তদন্তে আমরা একটি কমিটি গঠন করছি।”
এরপরই মিটিংয়ের কথা বলে তিনি ফোন লাইন কেটে দেন।
