‘ক্রসফায়ার’ শুধুই মুখের কথা: আমু
‘ক্রসফায়ারকে’ শুধুই একটি ‘মুখের কথা’ বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার র্যাবের দশম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, সাধারণ লাশ উদ্ধারের ঘটনাকেও অনেকে ‘র্যাবের ক্রসফায়ার’ বলে দাবি করে।
রাজধানীর উত্তরায় র্যাবের প্রধান কার্যালয়ে আমু বলেন, স্বার্থান্বেষী মহল র্যাবের অর্জনকে ম্লান করে দিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালায়।
মন্ত্রী বলেন, “সুন্দরবন, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনেক সময় লাশ উদ্ধারের ঘটনাও র্যাবের ক্রসফায়ার বলে চালিয়ে দেয়ার চেষ্টা হয়। এসব ক্ষেত্রে আসল ঘটনা খতিয়ে দেখা হবে।”
ফাইল ছবি
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত নিয়মানুযায়ী এগোচ্ছে।
হত্যার রহস্য উদঘাটন হলে এ ব্যাপারে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে, বলেন শিল্পমন্ত্রী।
পরে মূল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমু বলেন, জাতীয় ও জননিরাপত্তার স্বার্থে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
“সরকারের এ নীতি বাস্তবায়নে র্যাবসহ অন্যান্য বাহিনীর সক্ষমতা আরো বাড়ানো হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুশতাক আহমেদ, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, গণমাধ্যম শাখার পরিচালক এটিএম হাবিবুর রহমান, উপ পরিজালক রুম্মন মাহমুদ, সহকারী পরিচালক এএসপি সাদিরা খাতুন প্রমুখ।
১০ জন পুরস্কৃত
২০১৩ সালে বিভিন্ন অভিযানে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য অনুষ্ঠানে বাহিনীর দশ জন সদস্যকে পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন র্যাব-১১ এর মেজর শাহেদ হাসান রাজীব, র্যাব-৬ এর এএসপি তারেক জোবায়ের, র্যাব-১ এর সহকারী পরিচালক জিয়াউর রহমান, র্যাব সদর দপ্তরের ইন্টিলিজেন্স উইংয়ের কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, র্যাব-১৪ এর ডিএডি মিজানুর রহমান।
র্যাব-৩ এর পুলিশ পরিদর্শক মিজানুর রহমান ও কনস্টেবল ইমাম হোসেন, র্যাব-৮ এর ল্যান্স নায়েক সাইদুল ইসলাম, র্যাব সদর দপ্তরের ইন্টিলিজেন্স উইংয়ের সৈনিক মো: ইউনুছ, র্যাব-৫ এর কনস্টেবল মিরাজুল ইসলাম।
শিল্পমন্ত্রী আমু তাদের হাতে পুরস্কার তুলে দেন।
