২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ছিনতাইকৃত সাড়ে ১৪ লাখ টাকা উদ্ধার

যশোর শহর থেকে ছিনতাই হওয়ার তিন ঘণ্টার মধ্যে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 07:12 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বৃহস্পতিবার এ সময় পুলিশের গুলিতে ইউনুচ আলী ওরফে তারা বাবু নামে এক ছিনতাইকারী আহত হয়েছে। সে শহরের শংকরপুর সন্ন্যাসী দিঘিরপড় এলাকার চান মিয়া ছেলে।

পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বেনাপোলের এমএম পরিবহনের কর্মচারী মিলন মিয়া কোম্পানির ১৪ লাখ ৩৮ হাজার টাকা নিয়ে পালবাড়ী এলাকায় রিকশায় করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে যাচ্ছিলেন।

পথে ফাতিমা হাসপাতালের সামনে একটি মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী তার রিকশার গতিরোধে করে ব্যাগ ভর্তি টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনার পর ডিবি ও কোতোয়ালি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মুড়লি এলাকার ইসমাম ফিলিং স্টেশনের সামনে থেকে ছিনতাইকারী তারা বাবুকে আটক করে।

এ সময় তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। পুলিশও পাল্টা এক রাউন্ড গুলি ছোড়ে। তার বাঁ পায়ে গুলি লেগে তিনি পড়ে গেলে পুলিশ তাকে আটক এবং ব্যাগ ভর্তি টাকা উদ্ধার করে।

আহত তারা বাবুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতলে ভর্তি করা হয়েছে।

এ সময় পুলিশ কনস্টেবল (১২০২) জিন্নাহ আহত হয়েছে। তাকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে।