সিলেটে স্বাধীনতা দিবসে জামায়াতের শোভাযাত্রা, সংঘর্ষে আহত ৬ পুলিশ
সিলেট মহানগরীতে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে মদনমোহন এলাকা থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করে জামায়াত-শিবির কর্মীরা। শেখঘাট এলাকায় তাদের বাধা দেয়া হলে পুলিশের দিকে ইট-পাথর নিক্ষেপ করে সংঘর্ষে জড়ায়।
ওসি আতাউর বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগান থেকে ৩২ রাউন্ড গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় তাদের ইটের আঘাতে ৬ পুলিশ সদস্য আহত হন।”
তারা হলেন- পুলিশ কনস্টেবল আব্দুস শহীদ, আব্দুল আউয়াল, ইব্রাহিম, আমিন, মোস্তফা ও অনুকুল। তাদের সিলেট পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে দুই জামায়াতকর্মীকে আটক করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
