২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে লাশ হলো স্কুলছাত্রী

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক স্কুল শিক্ষার্থী।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 03:10 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

নিহত কাকলী খাতুন (১৩) কামারপাড়া গ্রামের আব্দুল কাফি সরকারের মেয়ে। সে উপজেলার কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়তো।

আহতদের মধ্যে বিপাশা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে একই স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

বাকিদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, কাজীপাড়া বালিকা বিদ্যালয়ের আটজন শিক্ষার্থী একটি অটোরিকশায় চড়ে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালিয়া শিবমন্দির এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের বাহনের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ছয়জন আহত হয়।

আহতদের মধ্যে কাকলী ও বিপাশাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বেলা ১২টার দিকে মারা যায় কাকলী।

এছাড়া উপজেলার মোগলটুলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী নসিমনে চড়ে অনুষ্ঠানে যাওয়ার পথে পান্তাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আহত হয় আরো ৯ জন।