প্যারেড মাঠের পথে লাল-সবুজের ঢল
জাতীয় সংগীতে কণ্ঠ মিলিয়ে ইতিহাসের অংশ হতে স্বাধীনতা দিবসের সকালে তেজগাঁও জাতীয় প্যারেড ময়দানের পথে নেমেছে মানুষের ঢল।
ইতিহাস গড়তে প্রস্তুত ‘সোনার বাংলা’
বেলা ১১টায় এই মাঠেই একসুরে তিন লাখ কণ্ঠ গেয়ে উঠবে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’।বুধবার সকাল সাড়ে ৬টায় প্যারেড মাঠের ফটক খুলে দেয়ার আগেই নগরীর বিভিন্ন স্থান থেকে পায়ে হেঁটে এসে বাইরে জড়ো হতে থাকা নারা বয়সী নারী, পুরুষ, কিশোর।বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পোশাক ও পরিবহনসহ বিভিন্ন খাতের কর্মীসহ সব শ্রেণিপেশার মানুষ প্যারেড মাঠে উপস্থিত হতে থাকেন জাতীয় সংগীতে কণ্ঠ মেলাতে।২০১৩ সালের ৬ মে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে গিনেজ বুকে স্থান করে নিয়েছিল সাহারা ইন্ডিয়া পরিবার (ভারত)। ওই আয়োজনে ১ লাখ ২১ হাজার ৬৫৩ জন অংশ নিয়েছিলেন।জাতীয় প্যারেড ময়দানের জমায়েত সকাল ৮টা ২৩ মিনিটেই ওই সংখ্যা ছাড়িয়ে যায়। সাড়ে ৮টার দিকে মাঠে লোকসংখ্যা দাঁড়ায় ১ লাখ ২৩ হাজারের বেশি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরো বাড়ছে।মাঠের প্রতিটি ফটকেই আগ্রহীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে গুণে গুণে। শৃঙ্খলা ঠিক রাখতে মাঠের ওই অংশটি ভাগ করা হয়েছে ১৫টি সেক্টরে।সেখানে প্রত্যেককে একটি করে ক্যাপ ও ব্যাগ দেয়া হচ্ছে। এই ব্যাগে জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও নিয়মাবলী লেখা সংবলিত একটি কার্ড, পানি, জুস, স্যালাইনসহ তাৎক্ষণিক চিকিৎসার ওষুধ রয়েছে।প্রতিটি সেক্টরেই একটি করে বড় স্ক্রিনে জানিয়ে দেয়া হচ্ছে মাঠের পরিস্থিতি ও লোকের সংখ্যা।অনেকেই মাঠে এসেছেন গায়ে পতাকা জড়িয়ে, মাথায় পতাকার রঙের ব্যান্ডানা পরে।মাঠে প্রবেশের পর রাজধানীর নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “আমরা ক্লাসের সবাই এসেছি। আমার খুব ভাল লাগছে, আমিও সবার সঙ্গে জাতীয় সংগীত গাইব।”সরকারি তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র হেলাল হোসেন বলেন, “আমরা এসেছি ইতিহাসের অংশ হতে।”বেলা ১১টায় প্যারেড মাঠে এসে সবার সঙ্গে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও কণ্ঠ মেলাবেন জাতীয় সংগীতে।মূল পর্বের আগে সকাল ৮টা থেকে শিল্পকলা একাডেমীর পরিবেশনায় দেশবরেণ্য এবং খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মাঠে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। চূড়ান্ত জাতীয় সংগীত পরিবেশনের আগে অনুশীলনও হবে।অনুষ্ঠনের সার্বিক দায়িত্বে রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে সশস্ত্র বাহিনী বিভাগ।
