২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সঙ্গীতে মিলবে শার্শাবাসীও

‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে একই সময়ে জাতীয় সঙ্গীত গাইবেন যশোরের শার্শা উপজেলার বাগআচড়া ইউনিয়নের কয়েক হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 07:46 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

বিশ্ব রেকর্ড থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে থেকে বাগআচড়ায় মানুষ অপেক্ষায় আছেন সেই শুভক্ষণের, যখন জাতীয় প্যারেড গ্রাউন্ডের লাখো কণ্ঠের সঙ্গে বাগআচড়া শহীদ মিনারের সামনে থেকে তারাও গেয়ে উঠবেন- আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।

২৬ মার্চ বুধবার স্বাধীনতা দিবসে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ইতিহাস গড়ার আয়োজনে থাকছে একসঙ্গে তিন লাখ কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার অনুষ্ঠান।

বাগআচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল জানান, এই অনুষ্ঠানে স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, দলীয় নেতাকর্মী, সাংবাদিকসহ দূর-দূরান্ত থেকে আগতরা জাতীয় সঙ্গীতে সুর মেলাবেন।

তিনি আরো জানান, বাগআচড়া, কায়বা ও শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও বাগআচড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

আয়োজকদের একজন শার্শা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, শার্শায় হাজারো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার এ অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ করা হয়েছে।