বাস খাদে, ছেলেসহ মা ও পিতাপুত্র নিহত
রাজশাহীর গোদাগাড়ীতে বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছে। যাদের মধ্যে এক মা তার ছেলে সহ এবং এক বাবা তার ছেলেসহ মারা গেছেন। এছাড়া আরো অন্তত ২৩ জন আহত হয়েছে।
নিহতরা হলেন রাজশাহী নগরীর আসাম কলোনির আবুল কাশেমের স্ত্রী মরিয়ম বেগম (৫৫), তার ছেলে মহির উদ্দিন (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের শহীদুল ইসলাম (৩৫) ও তার ছেলে মেহেদী (৮)।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার ওসি আবু মোকাদ্দেম আলী জানান, শাহমুখদুম পরিবহনের বাসটি যাত্রী নিয়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল।
পথে সোনাদিঘী এলাকায় একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে পড়ে।
এতে ঘটনাস্থলেই মরিয়ম বেগম ও মহির উদ্দিন মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মিজানুর রহমান মিজান বলেন, হাসপাতালে আনার পর শহীদুল ও মেহেদীর মৃত্যু হয়।
এছাড়া ১৫ জনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
“তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।”
