ঝালকাঠীতে কুপিয়ে এক বৃদ্ধকে হত্যা, লুটপাট
ঝালকাঠীর নলছিটি উপজেলায় দুর্বৃত্তদের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
সোমবার গভীর রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের চিংড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রুস্তুম আলী হাওলাদার (৮০)।
গুরুতর আহত তার ছেলে গোলাম মোস্তফা হাওলাদারকে (৩৫) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে ঝালকাঠী অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব শত্রুতার জেড় ধরে পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহতের আরেক ছেলে রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে দেশিয় অস্ত্রধারীরা ঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে লুটপাট শুরু করে। বাধা দিলে তারা ভাই ও বাবাকে কুপিয়ে আহত করে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় ।
“গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপালালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে বাবা মারা যান। ভাই গোলাম মোস্তফা সেখানেই চিকিৎসাধীন আছেন।”
বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম।
