২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের অনিয়ম তদন্ত করুন: ব্রিটিশ হাইকমিশনার

উপজেলা পরিষদ নির্বাচনে প্রশাসন ও সরকারে হস্তক্ষেপসহ অনিয়মের অভিযোগগুলোর 'পূর্ণ ও স্বচ্ছ' তদন্ত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 10:30 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

সোমবার রাজধানীর গুলশানে যুক্তরাজ্য-অস্ট্রেলিয়ার যৌথ ভিসা সেন্টার উদ্বোধনের সময় এ আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাই কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সব দলের অংশ নেয়ার বিষয়টিতে তিনি আশাবাদী হয়েছেন।

“সব দল অংশ নেয়া সত্ত্বেও গণমাধ্যমে আসা সহিংসতা, ভোটারদের হয়রানি ও ভীতি প্রদর্শনের বিষয়টি সত্য হলে তা গ্রহণযোগ্য নয়।”

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ নিয়ে তিনি সবচেয়ে বেশি উদ্বিগ্ন বলে মন্তব্য করেন।

নির্বাচন কমিশন ‘পূর্ণাঙ্গ স্বচ্ছতার সঙ্গে যে কোনো ধরনের আইন পরিপন্থী’ অভিযোগের বিষয়ে তদন্ত করবে বলে আশাপ্রকাশ করেন গিবসন।

তিনি বলেন, “স্থানীর সরকার নির্বাচনের মাধ্যমে ভোটাররা পছন্দমতো প্রার্থী বাছাই করার সুযোগ পেয়েছেন। তাদেরকে অবশ্যই ভয়ভীতিমুক্ত পরিবেশে ভোটাধিকার চর্চা করতে দিতে হবে।”

হাই কমিশনার আশা করেন, প্রধান রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনার উদ্যোগ নেবে।

তিনি বলেন, যেহেতু বাংলাদেশে সাধারণ নির্বাচন এবং সহিংসতা সমার্থক হয়ে দাঁড়িয়েছে কাজেই রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ‘গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর আগে’ কোন নির্বাচন করা উচিত নয়।

গুলশান ২ নম্বরের ৪৫ নম্বর সড়কের ৮ নম্বর প্লটের ডেলটা লাইফ টাওয়ারে অস্ট্রেলিয়া-যুক্তরাজ্য ভিসা সেন্টারের নতুন ঠিকানা।

উদ্বোধনের সময় হাই কমিশনার বলেন, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের ভিসার জন্য করা আবেদন বাতিলের হার কমেছে।

গিবসন বলেন, “এখন ভিসার আবেদন পত্র চূড়ান্তভাবে গ্রহণের হার ৭০ শতাংশ।”

তবে অনেকেই ভূয়া কাগজপত্র জমা দেন বলে তাদের ভিসার আবেদন বাতিল হয়ে যায় বলে জানান তিনি।