সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ জামায়াতকর্মী গুলিবিদ্ধ
সাতক্ষীরা সদরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক জামায়াতকর্মী ইউপি সদস্য আহত হয়েছেন।
সোমবার দুপুরে এ ঘটনায় গুলিবিদ্ধ রবিউল ইসলামকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিউল বল্লী গ্রামের কওসার আলীর ছেলে এবং বল্লী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক জানান, দুপুরে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে রবিউল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও হাতবোমা নিক্ষেপ করে। পুলিশ তাদের প্রতিহত করতে পাল্টা গুলি ছোঁড়ে।
আট রাউন্ড গুলি বর্ষণের পর এক পর্যায়ে রবিউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। এ সময় তার সঙ্গীরা এ সময় পালিয়ে যান।
পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরো জানান, জামায়াতকর্মী রবিউল ইসলাম সাতক্ষীরার দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক ইয়ারব হত্যা চেষ্টা মামলার আসামি। তার বিরুদ্ধে সদর থানায় হত্যা ও নাশকতার আটটি মামলা রয়েছে।
