সিলেটে দুর্বৃত্তের আগুনে দগ্ধ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
সিলেটে ছুরিকাঘাতের পর দুর্বৃত্তের দেয়া আগুনে দগ্ধ এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল বলেন, বেলা আড়াইটার দিকে শাওনের মৃত্যু হয়। তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
শনিবার দুপুরে নগরীর মুন্সীপাড়া এলাকার কয়েকজন সন্ত্রাসী শাওনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে এবং গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
পরে স্থানীয়রা শাওনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, এ ঘটনায় ওই রাতেই শাওনের বাবা এনামুল বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করছেন। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
