যশোরে মঙ্গলবার হরতাল
উপজেলা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে মঙ্গলবার যশোরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
সোমবার সকাল সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।
চতুর্থ দফায় রোববার যশোর সদর উপজেলায় ভোট গ্রহণ হয়। এতে আওয়ামী লীগ সমর্থিত শাহীন চাকলাদার জয়ী হয়েছেন।
ভোটে কারচুপির প্রতিবাদ হিসেবে সোমবার সকাল থেকে কালো ব্যাজ পরেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
তরিকুল ইসলাম বলেন, সদর উপজেলা নির্বাচনে প্রশাসনের ছত্রছায়ায় আওয়ামী লীগের শাহীন চাকলাদারের সন্ত্রাসীরা ভোট ডাকাতি করেছে। এ কাজ করতে চাননি বলে পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। নির্বাচনের আগের দিন কোনো জেলার পুলিশ সুপার বদলি হয় আগে শুনিনি।
তিনি অভিযোগ করেন, এখানে পুলিশের ডিআইজি, এডিশনাল ডিআইজি ও যশোরের অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দেয়া হয় নির্বাচনে শাহীন চাকলাদারকে জয়ী করার।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এটাই শেষ শেষ সরকার নয়। সরকার পরিবর্তন হলে জবাবদিহি করতে হবে।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গোলাম রেজা দুলু ও ভাইস চেয়ারম্যান প্রার্থী শামসুন্নাহার।
