২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওই কূটনীতিককে দেশে ফিরিয়ে আনার পক্ষে আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে গৃহকর্মীর মামলায় বিচারের মুখোমুখি হতে যাওয়া কূটনীতিককে দেশে ফিরিয়ে এনে বিচারের পক্ষে মত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 11:43 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

গৃহকর্মীর অভিযোগ মিথ্যা এবং হয়রানিমূলক প্রমাণিত হলে নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলামকে সরকার রক্ষা করবে বলেও জানান তিনি।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

কূটনীতিক মনিরুল ইসলাম ও তার স্ত্রী ফাহিমা তাহসিনা প্রভার বিরুদ্ধে বিনা পারিশ্রমিকে ‘দাসত্বের মতো পরিবেশে’ কাজ করতে বাধ্য করার অভিযোগে শুক্রবার একটি মামলা করেছেন তাদের সাবেক গৃহকর্মী বাংলাদেশি মাসুদ পারভেজ রানা।

এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের পর এবার একই ধরনের গুরুতর অপরাধের দায়ে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন তারা।

মিট দ্য প্রেসে ওই ঘটনা সম্পর্কে আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, “আমি গতকাল (শনিবার) ব্যাপারটা জেনেছি। আমার মনে হয়, আমরা প্রথমে এই ঘটনার সব তথ্য জানার চেষ্টা করব।

“এখানে যদি কোন মিথ্যা অভিযোগ থেকে থাকে, এই মামলা যদি হয়রানিমূলক হয় তাহলে আমরা নিশ্চয়ই আমাদের কূটনীতিককে রক্ষা করব।”

“ঘটনা সত্যি হলেও আমাদের কূটনীতিক আমরা দেশে ফিরিয়ে এনে বিচার করার কথা বলে তাকে নিয়ে আসার চেষ্টা করব। ”

যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীন এবং আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন বলে সরকারের পক্ষ থেকে বার বার জানানো হলেও এর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে আসল পরিস্থিতি জানতে চাওয়া হয় মন্ত্রীর কাছে।

আইনমন্ত্রী বলেন, “প্রক্রিয়া চলছে, এ কথা ঠিক। যুক্তরাষ্ট্র ছাড়া অনেক দেশই, বিশেষ করে ইউরোপ মৃত্যুদণ্ড মেনে নিতে রাজি নয়। আমাদের ওপর তাদের যথেষ্ট চাপ আছে যেন মৃত্যুদণ্ডটা আমরা তুলে দেই।”

“আমি যখনই বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনায় বসেছি, যখনই তারা এই কথাটা বলেছেন, তখন আমি তাদেরকে কিন্তু পরিষ্কারভাবে বলেছি, যুদ্ধাপরাধী-মানবতাবিরোধী অপরাধীদের এই দণ্ডের বিষয়ে আপোষ করার কোন সুযোগ নাই।”

বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যা মামলার পলাতক আসামিদের ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, “তাদেরকে ফিরিয়ে আনতে যেসব পদক্ষেপ নেয়া হচ্ছে সেগুলো নিরাপত্তার বিষয়। সেজন্য পুরো জবাব আমি দিতে পারবো না। আমি পদক্ষেপ নিয়েছি।”