অবরোধে পেট্রোল বোমায় মৃত্যু: এক আসামি গ্রেপ্তার
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল-অবরোধে গাজীপুরের কালিয়াকৈরে গরু বোঝাই ট্রাকে পেট্রোল বোমায় নিহতের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ আজহারুল ইসলাম জানান, শনিবার রাত ১০টার দিকে সফিপুর বাজার এলাকা থেকে আপেল মাহমুদকে (৩৩) গ্রেপ্তার করা হয়।
তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর থানার চামারি ফতেপুর এলাকায়।
গত ৪ জানুয়ারি মৌচাকের নূরবাগ এলাকায় অবরোধকারীরা গরুবাহী ট্রাকটিকে লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়ে। এতে দগ্ধ হয়ে মারা যান ট্রাকচালক রমজান।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা হয়। পরে ওই মামলায় আরমান ওরফে অনিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়, যিনি আপেলের সহযোগী।
পরে অনিকের স্বীকারোক্তির ভিত্তিতে সফিপুর বাজারে অভিযান চালিয়ে আপেলকে গ্রেপ্তার করা হয় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপেল গাজীপুরের সফিপুর এলাকার স্বেচ্ছাসবক দলের সদস্য। তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় সাত/আটটি মামলা রয়েছে।”
