২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর মেডিকেলে অচেনা প্রতিবন্ধী শিশু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেঝেতে শুয়ে আছে দুবছর বয়সী এক প্রতিবন্ধী শিশু। পাশে রাখা একটি ব্যাগে তার কয়েকটি জামা, ফিডারে ভরা দুধ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 11:25 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

কোথা থেকে, কীভাবে এ মেয়ে শিশুটি এখানে এল তা সংশ্লিষ্ট কেউ বলতে পারছে না।

হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎক জানান, বেলা ৩টার দিকে শিশুটিকে কে বা কারা হাসপাতালের জরুরি বিভাগে রেখে গেছে।

শিশুটি কথা বলতে পারে না এবং তার পা দুটি অসাড় বলে জানান তিনি।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) ওমর ফারুক বলেন, “আমি বিকালে জুরুরি বিভাগে কর্মরতদের মাধ্যমে শিশুটির কথা জানতে পারি। শিশুটি কথা বলতে পারে না। কথা বলতে পারলে ওর বাবা-মাকে খুঁজে বের করার জন্য চেষ্টা করা যেত।

“বিষয়টি আমি ফরিদপুর কোতোয়ালি থানা ও অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাককে জানিয়েছি।”

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহাসিনুল হক জানান, “শিশুটির বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের অনুরোধ করেছে। তাকে সরকারি শিশু সদনে দেয়া যায় কি না সে ব্যাপারে কথা বলার জন্য আমরা শিশু সদন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।”