২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় আ. লীগ নেতা ‘নিখোঁজ’

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত নবনির্বচিত চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অংশ নেয়ার পর একই দলের এক উপদেষ্টা ‘নিখোঁজ’ হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 05:07 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

পরিবারের দাবি, নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান অপহরণ করেছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক সহকারী পিপি অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টুকে।

তবে শেখ ওয়াহেদুজ্জামানের দাবি, তার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দলের নেতাকর্মীদের ভয়ে কান্টু গা ঢাকা দিয়েছেন।

কালিগঞ্জ থানার ওসি গোলাম রহমান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার মোজাহার হোসেন কান্টুর স্ত্রী রোজিনা পারভিন থানায় অভিযোগ করেছেন।

বুধবার রাতে তার স্বামীকে কয়েকজন লোক তাদের কালিগঞ্জ বাজারের বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে দাবি করেন তিনি।

রোজিনা পারভিন অভিযোগ করেন, বুধবার রাত দেড়টার সময় এক ব্যক্তি তার স্বামীকে ডেকে ঘর থেকে বের হতে বলেন এবং জানান- উপজেলা যুবলীগের আহবায়ক ইকবাল আলম বাবলু তার সঙ্গে কথা বলবেন।

এরপর তার স্বামী ঘর থেকে বের হলে মাথায় হেলম্যাট পরা দুই ব্যক্তি তাকে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

রোজিনা পারভিন ধারণা করছেন, বাবলুসহ দুজন লোক তার স্বামীকে তুলে নিয়ে গেছেন।

ইকবাল আলম বাবলু চেয়ারম্যান ওয়াহেদের অনুগত নেতা বলেও জানান পারভিন।

রোজিনা পারভিন জানান, এতে অভিযোগ করেন গত ১৫ মার্চ কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনি। তাকে দলের একটি অংশ ষড়যন্ত্র করে হারিয়ে দিয়েছেন।

গত মঙ্গলবার তিনি সাতক্ষীরার দুটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।

সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন, তার স্বামী মোজাহার হোসেন কান্টু, কালিগঞ্জ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজ উদ্দীন।

সংবাদ সম্মেলন করার পর থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ওহেদুজ্জামানের লোকজন তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া, মারপিট করে হাত-পা ভেঙ্গে দেওয়াসহ নানা হুমকি দিচ্ছিল।

এ ব্যাপারে শেখ ওয়েদুজ্জামান হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য উপস্থাপন করায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এজন্য দলের বিক্ষুব্ধ কর্মী-সমর্থকদের ভয়ে মোজাহার হোসেন কান্টু গা ঢাকা দিয়েছেন, বলেন ওয়েদুজ্জামান।

কালিগঞ্জ থানার ওসি গোলাম রহমান সাংবাদিকদের জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে থানায়। তাকে খুঁজে বের করতে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তৎপর রয়েছে।

কালিগঞ্জ আওয়ামী লীগের সভাপতি সদ্য নির্বাচিত চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান ও মোজাহার হেসেন কান্টুর মধ্যে দীর্ঘদিন ধরে দলীয় বিরোধ চলে আসছিল। নির্বাচনে তারা সমঝোতায় আসায় আওয়ামী লীগের তিন প্রার্থী দলের সমর্থন পান।

এরা হলেন চেয়ারম্যান পদে শেখ ওয়াহেদুজ্জান, ভাইস চেয়ারম্যান পদে সাঈদ মেহেদি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোজিনা পারভিন কান্টু।