২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র থেকে ‘উদ্বিগ্ন’ সিইসির ই-মেইল

যুক্তরাষ্ট্র থেকে এক ই-মেইলে সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে নিজেদের সব সামর্থ্য দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 05:07 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

উপজেলায় চতুর্ধ পর্যায়ের ভোটকে সামনে রেখে ‘উদ্বিগ্ন’ সিইসি যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার কমিশনে এই ই-মেইল পাঠান, যার অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে।

সিইসির ই-মেইল পেয়ে শনিবার কমিশন বৈঠকে বসে আলোচনার পর মাঠ পর্যায়ে ওই নির্দেশনা পাঠিয়ে দিয়েছে।

উপজেলা নির্বাচনের তৃতীয় পর্যায়ে গোলযোগের পর চতুর্থ পর্যায়েও একই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে।

রোববার ৪৩ জেলার ৯১ উপজেলায় ভোটগ্রহণের দুদিন আগে সিইসির এই নির্দেশনা এল।

সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ (ফাইল ছবি)

সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ (ফাইল ছবি)

সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ (ফাইল ছবি)

উপজেলা নির্বাচনের মাঝপথে যুক্তরাষ্ট্রে যাওয়া কাজী রকিবের আগামী মাসের শুরুতে ফেরার কথা রয়েছে। তার এই সফর নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে।

সিইসির ই-মেইলের ভিত্তিতে নির্বাচন কমিশনেসর নির্দেশনা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর পাঠানো হয়েছে।

সিইসি মাঠ কর্মকর্তাদের লিখেছেন- ইতোপূর্বে অনুষ্ঠিত ছোটখাটো ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠু হয়েছে। বাকি নির্বাচনগুলো সুষ্ঠু করতে কর্মকর্তাদের সম্পূর্ণ সামর্থ্য দিয়ে কাজ করতে হবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ত্বরিত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।