আলেমগণ, সজাগ থাকুন: প্রধানমন্ত্রী
মুসলিমদের মধ্যে ঢুকে হত্যা, নাশকতার মতো ঘটনা ঘটানোর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে এ বিষয়ে আলেমদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিভিন্ন মুসলিম বিশ্বে হানাহানির বর্তমান চিত্রের দিকে ইঙ্গিত করে শনিবার ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে সেই বিষয়েও সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন হাসিনা।
তিনি বলেন, “আপনারা যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন বিশ্বব্যাপী বিভিন্ন দেশ, বিশেষ করে ইসলামী দেশগুলোতে কিন্তু, মারামারি, হানাহানি, কাটাকাটি লেগেই আছে।
“তাদের উস্কাচ্ছে কারা? কারা ফায়দা লুটছে? এত সম্পদের অধিকারী এক একটা দেশ। অথচ সেই দেশে এই গোলমালগুলো বাঁধিয়ে, মুসলমান-মুসলমানদের মধ্যে লাগিয়ে দিয়ে গোলমাল করে কারা ফায়দা লুটছে? কোন ধর্মের লোকরা?”
বাংলাদেশেও একই ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সময় মতো পদক্ষেপ নেয়ায় তা বাস্তবায়ন করতে পারেনি।
“কিন্তু এদের দুরভিসন্ধি এখনো রয়ে গেছে,” উল্লেখ করে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান হাসিনা।
“যারা নবী করিম (স.) এর সত্যিকার ইসলামিক চিন্তা-ভাবনায় বিশ্বাসী, যারা আল্লাহর ওপর বিশ্বাস করে, তাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে এদিকে নজর দিতে হবে, অন্য ধর্মের লোকজন যেন আমাদের মধ্যে ঢুকে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করতে না পারে।”
জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যারা জঙ্গিবাদে বিশ্বাস করে, যারা সন্ত্রাসে বিশ্বাস করে, তাদের কোনো ধর্ম নাই। ওইটাই তাদের ধর্ম।”
জঙ্গিবাদী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।
ধর্মের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দিয়ে হাসিনা বলেন, কিছু কিছু মহল শান্তির ধর্ম ইসলামের অপব্যাখ্যা করে মানবতাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। ১৯৭১ সালেও একই ধুয়া তুলে মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালানো হয়েছে।
“যারা এ ধরনের কাজ করে, আমার সন্দেহ তারা প্রকৃত ইসলাম ধর্মে বিশ্বাস করে কি না? ”
আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা বলেন, “অনেক অপব্যাখ্যা আমাদের শুনতে হয়। জানি না, কেন? একটা শ্রেণি আছে, যারা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করে। এটা সেই পাকিস্তান আমল থেকে দেখেছি।
“যারাএক ওয়াক্ত নামাজও পড়ে না, মদ খেয়ে পড়ে থাকে, অজস্র মিথ্যা কথা বলে, দুর্নীতিতে আকণ্ঠ ডুবে থাকে, তাদের কাছেই না কি ইসলাম হেফাজতে থাকে! যারা সত্যিকার ধর্ম পালন করে, ধর্ম মেনে চলে, ইসলামের প্রতিটি বাণী মেনে চলার চেষ্টা করে তাদের কাছে ইসলাম হেফাজতে থাকে না।”
ধর্মের নামে এই অপপ্রচারের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে দাবি করে সে বিষয়ে ওলামাদের সতর্ক থাকতে বলেন প্রধানমন্ত্রী।
মদিনা সনদের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন জানিয়ে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার অঙ্গীকার করেন তিনি।
কওমি মাদ্রাসা পরিচালনায় গঠিত কমিশনের সুপারিশমালা চূড়ান্ত করতে আলেমদের পরামর্শ চেয়ে হাসিনা বলেন, “আমরা চাই, কওমি মাদ্রাসার কারিকুলাম যাতে সকলে মিলে গ্রহণ করে। তাতে করে ওখানে যে ছেলেমেয়েরা লেখাপড়া করে তারা একটা সনদ পাবে। যে সনদের মাধ্যমে তারা দেশে বিদেশে চাকরি পাবে। তারাও পূর্ণাঙ্গ শিক্ষাটা পাবে।”
ইসলামিক ফাউন্ডেশনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে ৩৪ মিনিটের বক্তব্যে বঙ্গবন্ধুর হাতে এই ফাউন্ডেশন গড়ার কথাও তুলে ধরেন তিনি। ১৯৭৫ সালের ২২ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ধর্ম প্রতিমন্ত্রী মতিউর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও বক্তব্য রাখেন। ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালও বক্তব্য দেন।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে কোরআন তেলওয়াতের পাশাপাশি হামদ ও নাত গাওয়া হয়।
