মুন্সীগঞ্জে আ.লী নেতাসহ ৩ জনকে কুপিয়ে জখম
উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের আগের দিন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুরে উপজেলার রসুলপুর এলাকায় এ ঘটনায় আহত উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা জি এম মোস্তফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন বলেন, এ ঘটনায় গজারিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
হামলাকারী এ সময় তাদের বহনকারী প্রাইভেট কারটিও ভাংচুর করে।
চতুর্থ দফায় রোববার এ উপজেলায় ভোটগ্রহণের কথা রয়েছে।
আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদ প্রার্থী আমিরুল ইসলাম অভিযোগ করেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতার সমর্থকরা অতর্কিত তাদের উপর এ হামলা চালিয়েছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা দুপুর সোয়া ১২টা থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবরোধ করে।
ভবের চর পুলিশ ফাড়িঁর ইনচার্য সাইফুল ইসলাম জানান, পরে স্থানীয় প্রশাসন বিচারের আশ্বাস দিলে বেলা সোয়া ১টায় তারা অবরোধ তুলে নেয়ার পর সড়কে যান চলাচল শুরু হয়েছে।
