কালিয়াকৈ অর্ধেক কেন্দ্রই ঝুকিপূর্ণ
উপজেলা নির্বাচনে গাজীপুরের কালিয়াকৈর অর্ধেক কেন্দ্রই ঝুকিপূর্ণ হিসাবে ঘোষণা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার এই উপজেলার নির্বাচনে এসব কেন্দ্রের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। ২০টি ভ্রাম্যমাণ আদালত টহলে থাকবে।
কালিয়াকৈর উপজেলা সহকারী নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান জানান, উপজেলা পৌরসভার ৯টি ওয়ার্ড এবং ৯টি ইউনিয়নে ১২৪টি কেন্দ্রে ৬৬৭টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে।
এরমধ্যে ৬০টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসাবে ঘোষণা করেছেন নির্বাচন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
শুক্রবার টহল শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা। এর আগে বুধবার টহলে নামে বিজিবির দুই প্লাটুন সদস্য।
নির্বাচনের দিন মাঠে টহল দিবে ২০টি ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
