২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা ও নওগাঁয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

খুলনার মহানগরীর দুটি স্থান থেকে এবং নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে পিস্তল- গুলিসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 05:54 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শুক্রবার খুলনায় গ্রেপ্তারকৃতরা হলেন যশোরের কোতোয়ালী থানার নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম(৩৫), যশোরের কোতোয়ালী থানার খালদার রোড এলাকার নিশিকান্ত সাহার ছেলে দীপক কুমার সাহা (৪৬)।

নওগাঁয় আটকরা হলেন জয়পুরহাট সদর উপজেলার চিত্রাপাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে তাজমুল হুদা রিপন (২৮) ও আক্কেলপুর উপজেলার পশ্চিম মাথাপাড়া মহল্লার মকবুল হোসেনের ছেলে আতোয়ার হোসেন (২৭)।

শুক্রবার খুলনার মহানগরীর সোনাডাঙ্গা ও খানজাহান আলী থানার দুটি স্থান থেকে দুটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগজিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোনাডাঙ্গা থানার ওসি মো. শাহাবুদ্দীন আজাদ জানান, অভিযান চালিয়ে গল্লামারী চেকপোস্ট এলাকা থেকে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ শহীদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

উচ্চমাধ্যমিক শ্রেণির একটি মোটা হিসাব বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা কেটে তার ভেতর পিস্তল ও গুলি নিয়ে যাচ্ছি শহীদুল।

খানজাহান আলী থানার ওসি মো. হুমায়ূন কবীর জানান, পথের বাজার চেকপোস্ট এলাকায় খুলনা শহর অভিমুখী বাসযাত্রীদের তল্লাশি করার সময় একটি ব্যাগ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগজিনসহ দীপক কুমার সাহাকে (৪৬) গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় দুটি মামলা হয়েছে।

নওগাঁর পাহাড়পুরে গ্রেপ্তার

নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ তাজমুল হুদা রিপন ও আতোয়ার হোসেনকে  আটক করেছে পুলিশ।

বদলগাছী থানার ওসি শেখ আলমগীর হোসেন লেলিন জানান, শুক্রবার দুপুর ২টার দিকে ওই দুই যুবক সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত করার জন্য পাহাড়পুর বৌদ্ধবিহারের ভেতরে ঢোকে।

তাদের ঘোরাফেরায় সন্দেহ হলে পাহাড়পুর ফাঁড়ি পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন ও পর্যটকরা।

এটিএসআই আজিজার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই দুই যুবককে চ্যালেঞ্জ করলে তারা পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে ১ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়।

পুলিশ, স্থানীয় ও পর্যটকরা ধাওয়া করে তাদের আটক করে।

এ ব্যাপারে অস্ত্র আইনে বদলগাছী থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।